গাইবান্ধার সুুন্দরগঞ্জ পৌরসভায় কাউন্সিলরের বিরুদ্ধে বাজার শাখার আদায়কারীকে মারপিটের অভিযোগ উঠেছে। এ নিয়ে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অফিস চালাকালিন বাজার শাখার আদায়কারী মোকলেছুর রহমান পৌরসভার ক্রয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভার কার্য-বিবরণী লিখে তা পৌরসভার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা, ক্রয় কমিটির সদস্য ১ নং প্যানেল মেয়র ছামিউল ইসলাম এবং ৯ নং ওয়ার্ড কাউন্সিলর দীপক কুমার সরকারের নিকট দেখাতে গেলে সেখানে উপস্থিত ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লাবলু মিয়া সভার কার্যবিবরণী ফাইলের ছবি তুলতে চাইলে তাতে অস্বীকৃতি জানান মোকলেছুর রহমান। এসময় পৌর নির্বাহী কর্মকতার কক্ষে দরজা বন্ধ করে চেয়ার দিয়ে মারপিট করেন কাউন্সিলর লাবলু মিয়া। এসময় পৌর কর্মকর্তাসহ অন্য দুই অফিস সহায়ক নুর ইসলাম ও নুরুজ্জামান এগিয়ে গেলে তাদের উপরও চড়াও হন বলে জানা যায়। এনিয়ে মোকলেছুর রহমান বাদী হয়ে ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত কাউন্সিলর লাবলু মিয়া জানান, আমি নিজেই একজন ক্রয় কমিটি’র সদস্য আমি তার কাছে ফাইল টি দেখতে চাই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আমার সামনে ফাইল টি ছিড়ে ফেলেন পরে আমি রাগান্বিত হয়ে তাকে আঘাত করার উদ্দেশ্যে চেয়ার তুলি। তবে তাকে কোনো আঘাত করা হয়নি।
পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু জানান, বিষয়টি আমি শুনেছি এটা একটা ভূল বোঝাবুঝি আগামী মিটিং এ বসে মিমাংসা করে দিবো।
থানা অফিসার ইনচার্জ, সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পৌরসভায় এক কর্মচারী মারপিটের অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।