সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন (কোয়ার্টার) এ- ছেলের বাসায় রহম আলী (৬৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) রাতেই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই বৃদ্ধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসর প্রাপ্ত নিরাপত্তাকর্মী ছিলেন।
পুলিশ জানায়, রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি চালক রকমত আলীর বাসায় নিহত রহম আলীর সাথে তার পুত্রবধু লিপি আক্তারের পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে নিহত রহম আলী অসুস্থ হয়ে পড়লে কোয়ার্টার থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এটি হত্যা, আত্মহত্যা না স্বাভাবিক মৃত্যু সেটা এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। এ জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।