ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় শনিবার (৩ সেপ্টেম্বর) আবারো একই স্থানে বিএনপি ও আ’লীগের সভা আয়োজন করা হয়েছে।দুই দলেই তাদের কর্মসূচি সফল করতে ব্যপক প্রস্তুতি নিয়েছে।এতে সংঘাতের আশংকা করছেন এলাকাবাসী।এ অবস্থায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি, এবং নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে দলীয় নেতাকে হত্যার প্রতিবাদ সহ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার রুহিয়া বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহন করা হয়েছে।
অপরদিকে সারাদেশে বিএনপি এবং সাম্প্রদায়িক অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুহিয়া থানা মহিলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
উভয় দলই তাদের কর্মসূচি সফল করতে সকল প্রকার প্রস্তুতি হাতে নিয়েছে।বৃহস্পতিবার রাত থেকে মাইকিং চলমান রয়েছে।উভয় দলই তাদের নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হতে আহবান জানিয়ে মাইকিং চালাচ্ছে।
এতে শনিবার বিএনপি ও আওয়ামীলীগের মাঝে সংঘাতের আশংকা করছেন রাজনৈতিক মহল।ইতোমধ্যে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য,গত মঙ্গলবার (৩০ আগষ্ট) বিএনপি ও আওয়ামীলীগ পাল্টা পাল্টি কর্মসূচি দেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করে সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করেন।
রুহিয়া থানার ওসি সোহেল রানা জানান, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে ।