শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ব্রীজ আছে রাস্তা নাই

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
নদ-নদী, খাল-বিল বা জলাভূমির ওপর সেতু নির্মাণ করা হয় সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য। কিন্তু ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সর্বদক্ষিণে ৪ নং ওয়ার্ডের ভাটি কান্দাপাড়া মহল্লার গা-ঘেঁষে চিনহী খালের ওপর দীর্ঘ দুই যুগ আগে ১০৫ ফুট দৈর্ঘ্য ও ৯ ফুট প্রস্থের এই সেতুটি কেনো নির্মাণ করা হয়েছে, তা এলাকার মানুষের কাছে বোধগম্য হচ্ছে না। কেননা, সেতু দিয়ে যাতায়াতের জন্য কোনো সংযোগ সড়ক নেই। ফলে কোনো কাজে আসছে না সেতুটি। প্রশ্ন হচ্ছে, জনগণের যদি কোনো কাজেই না আসে, তাহলে সেতু বানিয়ে লাভ কী?
এ অবস্থায় বার বার মনে পড়ছে-বিনয় মজুমদারের ‘অঘ্রানের অনুভূতিমালা’ কবিতার এই লাইন ‘সেতু চুপে শুয়ে আছে, সেতু শুয়ে আছে তার ছায়ার উপরে’। চিত্রকল্পের বাস্তব চেহারা নিয়ে নান্দাইলের চিনহী খালের ওপর ওই সেতুটি দুই যুগ ধরে ‘পড়ে আছে’। দীর্ঘ দুই যুগেও সেতুর দুই পাশে সংযোগ সড়ক বসেনি। ফলে ‘দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি’।
দীর্ঘ দুই যুগেও হয়নি সেতুর সংযোগ সড়ক
স্থানীয়রা চলাচলের জন্য সেতুর উভয় প্রান্তে সিমেন্টের খুঁটি (সিমেন্টের পালা) বসিয়েছেন। যাঁদের শরীর-স্বাস্থ্য ভালো, তাঁরা পর্বতারোহণের অনুভূতি নিয়ে খুঁটি বেয়ে সেতুতে উঠছেন, আবার নামছেন। অতিসতর্কতায় সেতুটিতে উঠা-নামা করতে হচ্ছে স্থানীয়দে। কারণ, সড়ক থেকে সেতুটি প্রায় ৬ ফুট উঁচুতে। এ সেতু দিয়ে লোকজন হেঁটে নান্দাইল সদরে যাতায়াত করেন। সেতু দিয়ে পারাপার না হলে স্থানীয় লোকজনের প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে পৌর সদরে যেতে হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও জনপ্রতিনিধি বলেন, নান্দাইল সদরের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯৭ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে চিমনি খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। সেতুর ওপারে নান্দাইল পৌরসভার কান্দাপাড়া মহল্লা। ওই মহল্লা থেকে প্রায় এক কিলোমিটার দূরে নান্দাইল পৌর সদর। কিন্তু এ সেতুর সুবিধা তাঁরা কখনো ভোগ করতে পারেননি। সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে কখনো কোনো যানবাহন চলেনি। এখন সেতুটি পুরোনো হয়ে যাওয়ায় অনেক স্থানে ভেঙে গেছে। আর কয়েক দিন পর হয়তো হেঁটেও চলাচল করা যাবে না।
মেরাকোনা গ্রামের বাসিন্দা বৃদ্ধ আফসর আলী (৭৫) বলেন, সংযোগ সড়ক না থাকায় সেতু দিয়ে চলতে আমার খুব কষ্ট অয়। তাই এখানে সড়কসহ নতুন একটি সেতু নির্মাণ করার দাবি জানাই।
একই গ্রামের শাহজাহান মিয়া (৪৫) বলেন, সেতুর উভয় পাশে সংযোগ সড়ক না থাকায় ভাটি কান্দাপাড়া ও মেরাকোনা গ্রামের লোকজনকে তাদের উৎপাদিত ফসল আনা-নেওয়া করতে তিন কিলোমিটার রাস্তা ঘুরতে হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন বলেন, মাননীয় এমপি, উপজেলা চেয়ারম্যান সেতুটি দেখে গেছেন কিন্তু তারপরেও কাজ হয়নি। এলাকার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয় শেরপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া বলেন, এই সেতু নিয়ে চরম দুর্ভোগে রয়েছে এলাকার মানুষ। সেতুটি নির্মানে গত প্রায় ৬ মাস পূর্বে জাইকার লোকজন এসে মাটি পরীক্ষা করে গেছেন। তিনি আরো জানান, এখানে সড়কসহ নতুন একটি সেতু নির্মাণ করা হলে খুব সহজে নান্দাইল পৌরসভা ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে যাতায়াত করা যাবে।
উপজেলা (এলজিইডি) প্রকৌশলী শাহবো রহমান সজিব বলেন, এটি সরেজমিন খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর বিস্তারিত বলা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।