ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাহাবুদ্দিন ওরফে ভুতকু (৫০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে। হরিপুর থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর রহস্য উদ্ধারের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছেন। তিনি হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের আমগাঁও গ্রামের মৃত ইযাজত আলীর ছেলে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ভোরে মৃতের বাড়ি থেকে অনুমানিক প্রায় এক কিলোমিটার দূরে মাঠের রোপা আমন ধানক্ষেতে।
জানা গেছে, সন্ধ্যাবেলা বাড়িতে খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ পরে কৃষক ভুতকু বাইরে যান। কিন্তু গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে এলাকায় খোঁজ করতে থাকে। অবশেষে সকালে তার বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঠের ধানক্ষেতে তার মৃতদেহ পাওয়া যায়। পরে বাড়িতে মৃতদেহ নিয়ে এসে পুলিশকে খবর দেওয়া হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।