গোপালপুরে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আসর বসিয়ে জুয়া খেলার সময় ইউপি সদস্যসহ দুই জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রবিবার রাতে হাদিরা ইউনিয়নের আজগড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আজগড়া গ্রামের মৃত আবুল কালাম মাষ্টারের ছেলে সাবেক ইউপি সদস্য রেজাউল করিম (৪০) ও একই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫২)।
থানার উপ-পরিদর্শক (এসআই) জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজগড়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। এ সময় নগদ টাকাসহ জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা করে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে।
#CBALO / আপন ইসলাম