বৃহস্পতিবার (৩ জানুয়ারী) দুপুর ১৩ ঘটিকায় মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট ও ভারতের ত্রিপুরা রাজ্যের ধলই জেলার কমলপুরের মোরাছড়া এলাকায় নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বর্ডার হাটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী এমপি মহোদয় ও ভারতের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জনাব বিপ্লব কুমার দেব যৌথভাবে বর্ডার হাটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস শহীদ, মৌলভীবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান, জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সুদর্শন কুমার রায় ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশ ও ভারতের ২.৭২ একর ভুমিতে ৫ কোটি ৩০ লক্ষ ভারতীয় রুপী ব্যয়ে বর্ডার হাটটি নির্মিত হচ্ছে।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রী বলেন, বর্ডার হাট চালু হলে, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে নতুন সেতুবন্ধন রচিত হবে। তিনি আশা প্রকাশ করে বলেন বর্ডার হাট চালু হলে সীমান্তে চোরা চালান অনেকাংশে কমে আসবে।
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী জনাব বিপ্লব কুমার দেব তার বক্তৃতায় বলেন, ইউরোপের দেশগুলোর মতো আমাদের একত্রে কাজ করতে হবে। বর্ডার হাটে দু’দেশের পণ্যসামগ্রী বেচাকেনার সুযোগ সৃষ্টি হলে চোরা চালান নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে।
#চলনবিলের আলো / আপন