রবিবার , ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২০শে শাবান, ১৪৪৭ হিজরি

জামায়াত সবসময়ই অসহায় মানুষের পাশে ছিল, এখনো আছে এবং আগামী দিনেও থাকবে-ইনশা আল্লাহ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, গণমানুষের কল্যাণ ও মুক্তির জন্য দেশকে ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্রে পরিণত করা জামায়াতের মূল উদ্দেশ্য ও লক্ষ্য। সে লক্ষ্যেই আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছি। একই সাথে আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের যেকোন সমস্যায় তাদের পাশে থাকার সাধ্যমত চেষ্টা করেছি। তিনি সুবিধাবঞ্চিত মানুষের দুর্দশা লাঘবে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
তিনি রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের তেজগাঁও থানা উত্তর আয়োজিত শীতবস্ত্র বিতরণ ও আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর হাফেজ আহসান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মুজাহিদ হোসেন অপুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা সমাজ কল্যাণ সম্পাদক কাজী মুজিবুর রহমান, অর্থ সম্পাদক হাসিবুল হক নাসিফ, এইচ আর ডি সম্পাদক এনামুল হক, শ্রমিক নেতা বাবর আলী, ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম ও জামায়াত নেতা আমিনুল ইসলাম প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, মানবতার পরিপূর্ণ কল্যাণ ও মুক্তি নিহিত রয়েছে, আল্লাহ তায়ালার একনিষ্ঠ দাসত্ব, পরকালে বিশ্বাস এবং আল্লাহ প্রতি ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে মানুষকে ভালবাসার মধ্যে। এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা কালামে পাকে ঘোষণা করেছেন, সৎকর্ম শুধু এই নয় যে, পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎকাজ হল এই যে, ঈমান আনবে আল্লাহর উপর, প্রতিফল দিবসের উপর, ফেরেশতাদের উপর এবং সমস্ত নবী-রসূলগণের উপর। আর সম্পদ ব্যয় করবে তাঁরই মহব্বতে আত্নীয়-স্বজন, এতিম-মিসকীন, মুসাফির-ভিক্ষুক ও মুক্তিকামী ক্রীতদাসদের জন্যে। আর যারা নামায প্রতিষ্ঠা করে, যাকাত দেয় এবং যারা কৃত প্রতিজ্ঞা সম্পাদনকারী এবং অভাবে, রোগে-শোকে ও যুদ্ধের সময় ধৈর্য্য ধারণকারী তারাই হল সত্যাশ্রয়ী, তারাই পরহেযগার। (সুরা বাকারা, আয়াত-১৭৭)
তিনি বলেন, রাজনীতি কোন ভোগের বিষয় নয় বরং আর্ত-মানবতার কল্যাণের ধারণা থেকেই রাজনীতির পথচলা শুরু হয়েছে। কিন্তু রাজনীতির একশ্রেণির উচ্চাভিলাষী পাত্রমিত্রদের কারণেই আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি ঘটেছে। রাজনীতি হারিয়ে ফেলেছে আপন গতিপথ এবং গণমুখী চরিত্র। জামায়াতে ইসলামী প্রচলিত নেতিবাচক রাজনীতির বিপরীতে কল্যাণকামী ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন থেকে। জামায়াত সবসময়ই অসহায় মানুষের পাশে ছিল, এখনো আছে এবং আগামী দিনেও থাকবে-ইনশা আল্লাহ। মূলত আমরা দেশকে সুখী, সমৃদ্ধ, আত্মর্ভিরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। জামায়াতে ইসলামী এই কাজে সফল হলে এবং দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে পারলে রাষ্ট্রই জনগণের সকল সমস্যার সমাধান করবে। তিনি মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।