বৃহস্পতিবার , ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

রোগীলিপি গ্রহনের উত্তম কৌশল- লেখক ডা.শেখ ফারুক এলাহী

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
আমার সৌভাগ্য হয়েছে, এলোপ্যাথি ও হোমিওপ্যাথি উভয় সিস্টেমে সিনিয়র চিকিৎসকদের অধীনে রোগিলিপি নেয়া শেখা ও লেখার। এক ডাকসাইটে এলোপ্যাথিক অধ্যাপকের সঙ্গে কিছুদিন কাজ করেছি। তাঁর প্রচুর রোগি ছিল। তিনি একসঙ্গে চারজন করে রোগি দেখতেন। প্রত্যেক রোগিকে পৃথকভাবে জিজ্ঞেস করে, পৃথকভাবে পরীক্ষা শেষে টেবিলে বসে চারটি ব্যবস্থাপত্র লিখতেন। প্রত্যেকটি ব্যবস্থাপত্রে প্রত্যেক রোগির লক্ষণ ও পরীক্ষায় প্রাপ্ত উপসর্গসমূহ ঠিক ঠিকভাবে লিপিবদ্ধ করতেন। আমি চেক করে দেখেছি, তিনি নির্ভুলভাবে লিখতেন।
অত্যন্ত মেধাবী ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী এই অধ্যাপকের রোগিলিপি লেখার কায়দা আমাকে অনেকদিন ভাবিয়েছে। পরবর্তীতে আমার অশীতিপর হোমিওপ্যাথিক গুরুর অধীনে যখন রোগীলিপি লেখা শুরু করি, আমি রোগি সামনে নিয়ে জিজ্ঞেস করে করে রোগিলিপি লিখতাম।
কিন্তু গুরু বাধা দিলেন, বললেন আগে রোগির সকল বিবরণ শুনে ও প্রয়োজনীয় পরীক্ষাশেষে টেবিলে বসে একবারে রোগিলিপি লিখতে। কিন্তু এভাবে আমি পারতাম না। কারণ রোগির বলা সকল লক্ষণ মনে থাকতো না। কিন্তু তাঁর বক্তব্য ছিল, এভাবে জিজ্ঞেস করে করে লিখলে, রোগির লক্ষণ বর্ণনার স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হবে। তাতে লক্ষণের ক্রমোৎপত্তির চিত্রটি পাওয়া যাবে না।
আমি ততদিনে এমবিবিএস পাশ করে ডিএইচএমএস চূড়ান্তবর্ষে পড়ছি। আমার একটু আঁতে ঘা লাগলো। ভাবলাম আমার এলোপ্যাথিক অধ্যাপক একসঙ্গে চারটি রোগি দেখে নির্ভুলভাবে চারটি ব্যবস্থাপত্র লিখতে পারেন। আর আমি একবারে একটি মাত্র রোগির রোগবিবরণী শুনে তা একবারে লিখতে পারব না! চেস্টা শুরু করলাম এবং অচিরেই তা সুষ্ঠুভাবে করতে সক্ষম হলাম। গুরু খুশী হলেন, বললেন তুমি পারবে এবং তোমাকে পারতেই হবে।
ঐ প্র্যাকটিসের গুরুত্ব এখন বুঝতে পারি। রোগিলিপি নিতে হবে রোগির সঙ্গে গল্প করার মতো। হাতে কোন কাগজপত্র, কলম না নিয়ে। তাতে রোগিচিত্রটি পরিপূর্ণভাবে অবিকৃত অবয়বে ধরা যাবে। মনোযোগের সঙ্গে রোগির বিবরণী শোনা ও কিছুটা অধ্যবসায় করলেই তা সম্ভব। রোগির রোগাবস্থার প্রকৃত বিবরণ পেতে রোগির আস্থাও অর্জন করতে হয়। আর এজন্য চিকিৎসকের ব্যক্তিত্ব ও রোগির প্রতি সহানুভূতি ও মমত্ববোধ (Empathy) কাজ দেয়।
এটি সর্বসম্মত যে, যথাযথ রোগিলিপি গ্রহন, সঠিক ঔষধ নির্বাচন সহ পরবর্তী পুরো চিকিৎসাকার্যটিকে সহজ করে দেয়। কিন্তু রোগিলিপি গ্রহণে মেটিরিয়া মেডিকা, রেপার্টরী ও প্র্যাকটিস অব মেডিসিনের একটা সুসংহত ও সুসমন্বিত জ্ঞানেরও প্রয়োজন। তাহলে রোগিলিপি গ্রহণকালেই অনেক লক্ষণের পরিপূর্ণতা, আনুষঙ্গিকতা, সাধারনতা/অসাধারণতা যাচাই করে নেয়া সম্ভব হয়। আর তাতে সঠিক ঔষধ নির্বাচনকার্যও সহজ হয়ে উঠে।
লেখকঃ
ডা.শেখ ফারুক এলাহী
সহ সভাপতি
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।