স্বাধীনতা উত্তর বাংলাদেশে দেশের জাতীয় রাজনীতিতে নিজের দক্ষতা, স্বচ্ছতা, দূরদর্শীতা, আপেষহীনতা, অপ্রতিরোধ্য পথচলা ও জনদরদী রাজনীতির জন্য যে মহান ব্যক্তিরা আজীবন গণ মানুষ থেকে শুরু করে প্রশাসন, মিডিয়া কর্মী, বন্ধুপ্রতিম ও ভিন্ন মতের রাজনৈতিক দলের লোকদের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছিলেন অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ. ছিলেন তাদের অন্যতম। ইসলাম, দেশ ও মানবতার পক্ষের সকল আন্দোলন-সংগ্রামে প্রথম সারির এক সাহসী বীরের নাম এটিএম হেমায়েত উদ্দিন রহ.। মিছিল মিটিং ও সভা-সমাবেশে বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে সর্বদা গর্জে ওঠা এক বীরের নাম এটিএম হেমায়েত উদ্দিন রহ.।
আজ ১১ অক্টোবর-২১ সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন রহ. এর মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপরোক্ত কথা বলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম।
কেন্দ্রীয় সভাপতি আরো বলেন, এটিএম হেমায়েত উদ্দিন রহ. ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমির পীর সাহেব চরমেনাই এর ডানহাত হয়ে ইসলামী রাজনীতিতে জীবন বিলিয়েছেন লাভ লোকসানের হিসেব মিলানো ছাড়াই। বাবরি মসজিদ ভাঙ্গার প্রতিবাদ করে জেল খেটেছেন দীর্ঘ সময়। ভারতের ফারাক্কা ও টিপাইমুখ বাঁধ বিরোধী আন্দোলন, বাবরি মসজিদ রক্ষার আন্দোলন, মায়ানমার, ফিলিস্তন, কাশ্মির ও ওইঘুরে মুসলিম নির্যাতন বিরোধী আন্দোলন, ফতোয়া বিরোধী আন্দোলনসহ এমন কোন আন্দোলন সংগ্রাম নেই যেখানে তিনি নিজেকে সম্পৃক্ত করেননি। রাজপথ থেকে যতবার গ্রেফতার হয়েছেন ততবারই দ্বিগুণ আগ্রহ নিয়ে ফিরে এসেছেন আবারও রাজপথে। রাজনীতিতে ভয় বলে কোন শব্দ ছিল না তাঁর জীবনে। বহুবার মিছিলের ব্যানার ছিনেয়ে এনেছেন পুলিশের হাত থেকে।
তিনি আরো বলেন, এটিএম হেমায়েত উদ্দিন রহ.দক্ষ, দূরদর্শী ও অপ্রতিরোধ্য অন্দোলনের মাধ্যমে আলিয়া মাদরাসা শিক্ষা বোর্ড এর স্বায়ত্বশাসনের দাবী আদায় করেন। এটি তাঁর সংগ্রামী রাজনৈতিক জীবনে অন্যতম বড় সফলতা। আলিয়া মাদরাসার স্বীকৃতি আদায়ের সাফল্যমন্ডিত সংগ্রামী এই অবদানের জন্য তাঁর নাম আজীবন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে।
সেক্রেটারী জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারী জেনারেল গাজী মুহাম্মাদ ওসমান গণী, সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ আহমদ মানসুর ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পদক কে এম শরীয়াতুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।