মঙ্গলবার , ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

গ্যাস অনুসন্ধানে টু-ডি, থ্রি-ডি’র দুই প্রকল্প

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

দক্ষিণের জেলাগুলোতে গ্যাস অনুসন্ধানে নজর।ভোলায় গ্যাস পাওয়ার পরই দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর দিকে নজর দিচ্ছে বাপেক্স। বিশেষ করে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও বরিশালের বিস্তীর্ণ এলাকায় দ্বিতীয় এবং তৃতীয়মাত্রার জরিপ চালানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় তেল-গ্যাস উত্তোলন কোম্পানিটি।

বাপেক্স সূত্র বলছে, একই ধরনের ভূতাত্ত্বিক গঠনের কারণে ভোলার মতো বাকি জেলাগুলোতেও গ্যাসের মজুত থাকতে পারে।
জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশীয় গ্যাসের অনুসন্ধান ও উৎপাদনে আমাদের বিশেষ নজর রয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে বাপেক্সকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যার জন্য দ্বিতীয় এবং তৃতীয়মাত্রার ভূতাত্ত্বিক জরিপের যন্ত্রাংশ কেনা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি ওই এলাকায় আরও গ্যাস পাওয়া যেতে পারে। এ জন্য অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’

বাপেক্স সূত্র বলছে, তৃতীয়মাত্রার একটি জরিপ পরিচালনার জন্য ২৩৭ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের ৪৩৭তম বোর্ডসভায় প্রকল্পটি অনুমোদন করা হয়। যার আওতায় এক হাজার ৬০০ লাইন-কিলোমিটার এলাকায় তৃতীয়মাত্রার জরিপ হবে। নোয়াখালীর সুবর্ণচর ছাড়াও ভোলার চরফ্যাশন, লালমোহন, তজুমোদ্দিন, বোরহানউদ্দিন উপজেলাজুড়ে অনুসন্ধান চালানো হবে।

তৃতীয়মাত্রার জরিপের ফলাফল বিশ্লেষণ করে সেখানে অনুসন্ধান কূপ খনন করা হবে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন এ প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে।
এ ছাড়া একই সময়ে একটি দ্বিতীয় মাত্রার ভূতাত্ত্বিক জরিপও চালানো হবে। তাতে ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা। অনুসন্ধান এলাকার মধ্যে আছে শরীয়তপুর, মাদারীপুর ও বরিশালের কিছু এলাকা। এই অনুসন্ধান চালানো হবে ৩ হাজার ২২০ লাইন-কিলোমিটার এলাকায়।

বলা হচ্ছে, বিদেশ থেকে সিসমিক কাজে পারদর্শী লোকবল দিয়ে বাপেক্স প্রকল্পটি বাস্তবায়ন করবে।
শরীয়তপুরেও কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স। এজন্য ৯৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ২৬ জুলাই এই প্রকল্পের পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে চায় বাপেক্স।

এর আগে এই এলাকায় দ্বিমাত্রিক জরিপ চালিয়ে গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা জানায় বাপেক্স। যদিও কূপ খননের আগে কোথাও গ্যাস রয়েছে এমনটা ঘোষণা করা যায় না।দেশে শুধু সিলেট এলাকায় গ্যাসের বড় মজুত রয়েছে বলে ধারণা করা হতো। এ অঞ্চলে দেশের সবক’টি বড় গ্যাসক্ষেত্র রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণের জেলাগুলোর প্রতিও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।