রবিবার , ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৩ই শাবান, ১৪৪৭ হিজরি

বরিশালে অনলাইন পশুর হাটে সাড়া মেলেনি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

দশ হাজার গবাদি পশুর ছবি ও বিক্রেতার নাম-ঠিকানা আপলোড করা সত্বেও বরিশালে অনলাইন গরুর হাটে ক্রেতাদের সাড়া মেলেনি। গত ২৫ জুন থেকে বুধবার দিবাগত রাত পর্যন্ত অনলাইনে একটি পশুও বিক্রি হয়নি।

তবে মাত্র সাতটি গরু কেনা-বেচার জন্য কথা হয়েছে মাত্র। বরিশালে করোনার মধ্যেও স্ব-শরীরে হাটে উপস্থিত হয়ে পশু ক্রয়ে আগ্রহ রয়েছে ক্রেতাদের। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরুল আলম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রাণিসম্পদ দপ্তর গত ২৫ জুন থেকে ‘অনলাইন কোরবানির হাট বরিশাল’ নামে একটি অনলাইন পশুর হাট চালু করে। গত ২০ দিনে অনলাইন পশু হাটে মোট ১০ হাজার গরু ও ছাগলের ছবি এবং বিক্রেতার নাম আপলোড করা হয়। কিন্তু বুধবার দিবাগত রাত পর্যন্ত একটি পশুও বিক্রি হয়নি। তিনি আরও জানান, বরিশালে কোরবানীর পশু ক্রেতারা মূলত স্ব-শরীরে হাটে উপস্থিত হয়ে দেখে শুনে দরদাম করে পশু কিনতে আগ্রহী। এ কারণে অনলাইনে পশু বিক্রিতে তেমন সাড়া পাওয়া যাচ্ছেনা। ক্রেতারা মূলত হাটের জন্য অপেক্ষা করছেন।

বরিশাল সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার জানান, সদর উপজেলা থেকে সরকারি অনলাইন হাটে ১ হাজার ৮৫৭টি গরু ও ২৪৩টি ছাগলের ছবি আপলোড করা হয়েছে। কয়েকজন মানুষ অনলাইনে আলাপ আলোচনা করে কেনার জন্য পশু নির্বাচন করে রেখেছেন। তবে এখনও লেনদেন হয়নি।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, করোনাকালে সরকারি নির্দেশনা অনুসারে বেশ কিছুদিন আগেই অনলাইনে পশুর হাট শুরু করা হয়েছে। অনলাইনে সাড়া তুলনামূলক ভাবে অনেক কম হলেও তিনি (জেলা প্রশাসক) করোনা সংক্রমণরোধে ক্রেতাদের সরকারি অনলাইন পশুর হাট থেকে পশু কেনার আহবান জানিয়েছেন।

অপরদিকে বুধবার রাত পর্যন্ত নগরী এবং জেলায় মোট ২২টি গরুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসন। এরমধ্যে নগরীতে করোনার কারণে মাত্র দুটি হাটের অনুমোদন দেয়া হয়েছে। একটি নগরীর কাউনিয়া বিসিক রোডের বটতলা এলাকায় এবং অপরটি নগরীর রূপাতলী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে। অপর ২০টি হাট বসছে জেলার ১০ উপজেলায়।

বরিশাল স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শহীদুল ইসলাম জানান, করোনার কারনে এবার যাচাই বাছাই করে পশুর হাটের অনুমোদন দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চাহিদাপত্র অনুযায়ী জেলা প্রশাসন থেকে পশুর হাটের অনুমোদন দেওয়া হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ৪ হাজার ২২৬টি বড়-ছোট পশুর খামার রয়েছে। এতে পশু মজুদ রয়েছে ৪৬ হাজার ৬১৯টি। এরমধ্যে ৩৮ হাজার ৩৯৫টি গরু এবং ৮ হাজার ২২৪টি ছাগল রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।