পাবনার চাটমোহর উপজেলায় চায়ের দোকানে বসে টেলিভিশন দেখার সময় দুর্বৃত্তদের গুলিতে দুই দিনমজুর গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন (৩৮) এবং একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম (৪০)। তারা দুজনই পেশায় দিনমজুর।
স্থানীয় সূত্রে জানা যায়, ইফতারের পর লালনের মোড় এলাকায় রাজ্জাকের চায়ের দোকানে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম ও সাজেদুল। এ সময় হঠাৎ মুখোশধারী তিন দুর্বৃত্ত অতর্কিতভাবে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক জানান, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরপরই সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক ও অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।