ঝালকাঠি সদর উপজেলার বাসিন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামে ধানী ফসলী জমির মধ্যে গড়ে উঠেছে এম আর বি ব্রিকস। বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন/২০১০/৪ ধারায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে মোবাইল কোর্টে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় বাসন্ডা ইউনিয়নের আগলপাশা এলাকার সাবেক কাউন্সিলর রেজাউল করিম এর মালিকানাধীন এমআরবি ব্রিকসকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। এলাকাবাসী গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে সরকারি “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে। পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে।
এম আর বি ব্রিকস এর মালিক যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর রেজাউল করিম জাকির মুঠো ফোনে জানান, আমার কেনা জমিতে মাটি কেটেছি। তাতে জরিমানা করবে কেন। আমি তো অন্য কারো জমির মাটি কেটে নিচ্ছি না। দিন ভালো যাচ্ছে না এধরনের জরিমানা গুনতে হচ্ছে।