বৃহস্পতিবার , ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কেমিক্যাল ধ্বংস, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কেমিক্যাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

জানা গেছে, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অভিযানকালে ভবানীপুর গ্রামের মোছা. খুশি খাতুনের (৪০) স্বামী নুর ইসলামের বাড়িতে পরিচালিত একটি অবৈধ কারখানায় তল্লাশি চালানো হয়। এ সময় কারখানা থেকে ভেজাল শিশু খাদ্য দুধ তৈরির কাজে ব্যবহৃত ৬ ড্রাম (প্রায় ১ হাজার ৮০০ কেজি) জেলি বা কেমিক্যাল এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এসব কেমিক্যাল ও তেল ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় কারখানায় থাকা বিপুল পরিমাণ উপকরণ জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মোছা. খুশি খাতুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভেজাল দুধ তৈরিতে ব্যবহৃত ৬ ড্রাম জেলি ঘটনাস্থলেই ধ্বংস করা হয় এবং ৫ ড্রাম সয়াবিন তেল জব্দ করে রাখা হয়।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাত করণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে এবং এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য থাকলে প্রশাসনকে জানাতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।