বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর থেকে প্রকাশিত ২০২৫ সালের জাতীয় পর্যায়ের রোভার স্কাউট শাখার ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ মূল্যায়নের চূড়ান্ত ফলাফলে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সদস্য রোভার মোঃ হাসিবুল আলম মনোনীত হয়েছেন। তিনি রোভার স্কাউট শাখার দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা অর্জন করেছেন।
বাংলাদেশ স্কাউটসের সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং মানবিক সেবায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননায় নির্বাচিত করা হয়।
মোঃ হাসিবুল আলম দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট (খ-ইউনিট, ২০২৪–২৫)। তিনি দীর্ঘদিন ধরে রোভার স্কাউট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তার নিষ্ঠা, দায়িত্ববোধ ও সমাজসেবামূলক মানসিকতা এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ ব্যাপারে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল বলেন, এই সম্মাননা প্রতিষ্ঠানের জন্য গর্বের। এতে ভবিষ্যতে আরও শিক্ষার্থী ও রোভার সদস্য সমাজসেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত হবে।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।