পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে একটি হৃদয়বিদারক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজিম উদ্দিন ও আলী হোসেনের বাড়িতে লাগা এই আগুনে দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
আগুনের লেলিহান শিখায় ঘরের সকল আসবাবপত্র, খাদ্যশস্য, জামা-কাপড়, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র সবকিছু ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
তবে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের দ্রুততায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, যার ফলে আরও বড় ক্ষতি রোধ করা গেছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়েই শুক্রবার রাতেই ঘটনাস্থলে ছুটে যান চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এই মানবিক উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন দ্রুত ও সহানুভূতিশীল পদক্ষেপের প্রশংসা করেছেন।
এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সবাইকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।