শনিবার , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কবরস্থানের জমি নিয়ে দ্বন্দ্বে জামায়াত-বিএনপির সংঘর্ষ আহত ২৫

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে কবরস্থানের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াতের অন্তত ২০ জন ও বিএনপির ৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, গফফার ও সত্তার—দুই সহোদর ভাই। পারিবারিকভাবে কবরস্থানের জমি নিয়ে কিছুদিন আগে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই বিরোধের জেরে সত্তার তার সমর্থিত জামায়াতের লোকজন নিয়ে গফফারকে বেধড়ক মারধর করেন। এ ঘটনার প্রতিশোধ নিতে গত বুধবার গফফার তার সমর্থকদের নিয়ে সত্তারকে গুরুতর আহত করেন। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জামায়াতের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে থানা যুবদল নেতা ইকবাল শেখসহ আরও দুই পথচারী মিছিলের অগ্রভাগের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মিছিলের ভেতর থেকে উস্কানিমূলক বক্তব্য ও কটুক্তির অভিযোগ ওঠে। এর জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং মিছিল শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ইকবাল, খালিদ, ইউসুফসহ অন্তত ২৫ জন আহত হন। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও যশোরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কথা জানানো হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার বিকাল ৪টার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এক বিবৃতিতে সকলকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, “সংঘাত কারো কাম্য নয়। শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিকল্প নেই। এলাকাবাসীও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও মূল বিরোধটি পারিবারিক জমি সংক্রান্ত, এমন মন্তব্য করেছেন স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি। উল্লেখ্য, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সচেতন মহল মনে করছেন, পারিবারিক বিরোধকে রাজনৈতিক রূপ দেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। তারা সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।