“ কৃষিই সমৃদ্ধি ” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আটোয়ারী-এর আয়োজনে ২০২৫- ২৬ অর্থবছওে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় তিন দিনব্যাপি “ কৃষক জিএপি সার্টিফিকেশন ” বিষয়ক কৃষক-কৃষাণী ও কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ ধারাবাহিকভাবে রবিবার, সোমবার ও মঙ্গলবার (২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে প্রশিক্ষণ চলে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রতিদিন ৬০ জন করে কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। তিন দিনে মোট ১৮০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন। তিন দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী, পঞ্চগড়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) সঞ্জয় দেবনাথ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মোঃ সাইফল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) বাসুদেব রায়, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ফরহাদ হোসেন ও মোঃ আফজাল হোসেন। প্রশিক্ষকগণ বলেন, রপ্তানিযোগ্য ফসল উৎপাদন, নিরাপদ খাবার চাষ ও নতুন কৃষি উদ্যোক্তা তৈরী করতে হবে।কৃষিতে উন্নত প্রযুক্তি এবং মানসম্পন্ন উৎপাদন নিশ্চিত করতে জিপিএ সার্টিফিকেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি কৃষকদের আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করবে। প্রশিক্ষকগণ বলেন, কৃষক-কৃষাণীদের উত্তম কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উত্তম কৃষি চর্চা (জিএপি) আধুনিক খামার ব্যবস্থাপনা এবং উচ্চমূল্যের ফসল উৎপাদন বিষয়ে দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে এ প্রশিক্ষণ। প্রশিক্ষণে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন আন্তর্জাতিকমানের কৃষি চর্চা ও আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করার ওপর গুরুত্বারোপ করে প্রশিক্ষণ প্রদান করা হয় এবং কৃষকদের জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস) সার্টিফিকেশন প্রক্রিয়া-এর গুরুত্ব এবং কৃষি উৎপাদন মান নিশ্চিত করার পদ্ধতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
বুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৮ই রমজান, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে তিন দিনব্যাপি কৃষক-কৃষাণী ও উদ্যোক্তা প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬