মঙ্গলবার , ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রেমিকার বাড়িতে অপদস্থ, পেট্রোল ঢেলে আগুন, অবশেষে সেই যুবকের মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর ঘটনা, প্রেমের টানাপোড়েন থেকে আত্মঘাতী সিদ্ধান্ত, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু।

প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়ে অপমানিত হয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া যুবক অন্তর বিশ্বাস (৩০) অবশেষে মৃত্যুবরণ করেছেন। টানা কয়েকদিন মৃত্যুর সাথে লড়াই করার পর শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার যুগিয়া গ্রামের সাগর বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী দক্ষিণপাড়া গ্রামের হাবিবুর রহমান হাবিলের মেয়ে রোকাইয়ার। পরিচয় থেকে প্রেম, আর সেই সম্পর্কের পরিণতি টানতে গত ১৪ ফেব্রুয়ারি (শনিবার) প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হন অন্তর। অভিযোগ রয়েছে, বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি ও অপমানজনক পরিস্থিতির সৃষ্টি হয়। পরিবারের লোকজনের আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন অন্তর। সেদিন রাত আনুমানিক ৯টার দিকে ক্ষোভ ও হতাশা থেকে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। কিন্তু দগ্ধের মাত্রা বেশি হওয়ায় চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। এ বিষয়ে অভয়নগর থানার এসআই ফিরোজ জানান, যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রেমঘটিত বিরোধ ও সামাজিক অপমানের মতো বিষয়গুলো যে কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, এই মর্মান্তিক ঘটনা তারই আরেকটি উদাহরণ হয়ে থাকল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।