যশোরের অভয়নগর উপজেলায় পারিবারিক কলহের জেরে জুই আক্তার (১৫) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলার লক্ষিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, নিহত জুই আক্তারের সঙ্গে তার ভাইয়ের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে অভিমান ও ক্ষোভে সে ঘরের ভেতরে গিয়ে নিজের ওড়না দিয়ে ডাবার (আড়ার) সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় তার মা-বাবা বাড়ির বাইরে কাজে ছিলেন।
পরে জুইয়ের মা বাড়িতে ফিরে মেয়েকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জুই আক্তার উপজেলার লক্ষিপুর গ্রামের ইজিবাইক চালক জুয়েল মোল্লার মেয়ে। সে স্থানীয় রাজটেক্সটাইল মিলের মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিল। তার অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার এসআই রসুল জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেছে। আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।