শনিবার , ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে।

২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ভাঙ্গুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রথমে পাবনা-৩ আসনের সংসদ সদস্যদের পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ মিনার প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

এছাড়াও ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ রায়হান আলীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তারা মহান ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।এ সময় সকল ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয় প্রতিষ্ঠার সংগ্রামে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছে।
বক্তারা আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা থেকেই পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের প্রেরণা জাগ্রত হয়। তাই ভাষা শহীদদের আদর্শ ধারণ করে আগামী প্রজন্মকে দেশপ্রেম, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।