শুক্রবার , ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ১৮ই শাবান, ১৪৪৭ হিজরি

পাবনা-৩ এ শান্তিপূর্ণ নির্বাচন চাইলেন বিএনপি প্রার্থী হাসান জাফির তুহিন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির দলীয় এমপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে সকল প্রার্থী ও নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলা প্রয়োজন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পাবনার চাটমোহরের বিলচলন ইউনিয়নের বোথড় এলাকায় নিজ বাসভবনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময়কালে তুহিন অভিযোগ করে বলেন, অতীতে দায়ের করা বহু মামলায় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আসামি হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালানো হয়েছে। তিনি দাবি করেন, গত ১৬ বছর দলটির নেতাকর্মীরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের নতুন রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হয়েছে।
নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “১৯৭১ সালের পর দেশে ১২টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কিছু নির্বাচন ছিল বিতর্কিত। তাই এবারের নির্বাচনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে।” তিনি আরও বলেন, পাবনা-৩ এলাকায় বর্তমানে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে এবং ভোট গ্রহণের দিন পর্যন্ত এ পরিবেশ বজায় রাখা জরুরি। বিএনপি বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তুহিন দাবি করেন, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অধিকাংশ ভোটার ধানের শীষের পক্ষে রয়েছে। নির্বাচিত হলে চলনবিলকে কেন্দ্র করে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি। এ পরিকল্পনার মধ্যে কৃষির উন্নয়ন, যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি, রাস্তা-ঘাট উন্নয়ন এবং চলনবিলকে আলাদা উন্নয়ন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ থাকবে বলে তিনি জানান।
মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা (চাটমোহর), নূর মুজাহিদ স্বপন (ভাঙ্গুড়া), জহুরুল ইসলাম বকুল (ফরিদপুর), বিএনপি নেতা অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুল আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।