মানিকগঞ্জের দৌলতপুরে ঐতিহ্যবাহী সরকারি মতিলাল ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বেলা ২ টায় কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল।
বক্তব্য রাখেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ কায়সার নাঈম, প্রথম বর্ষের শিক্ষার্থী মারুফ ও দিশান মিয়া। এছাড়া অনার্স চালুর দাবির প্রতি সংহতি ও সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন—বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রমজান মাহমুদ, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোবারক হোসেন ও চকমিরপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. আব্দুল হামিদ।
দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমরা দ্রুত অনার্স কোর্স চালুর জন্য সরকারের প্রতি জোর দাবিদার জানান বক্তারা।
সূত্রে জানা যায় ২০১৪ সালের ১৯ মে কলেজ পরিচালনা পরিষদের এক সভায় হিসাববিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ২০১৫ সালের ২২ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে প্রভাষক নিয়োগের কার্যক্রম সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর ১৪ জন প্রভাষক নিয়োগ প্রদান করা হয়।
এছাড়া কলেজ কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬ সালের ১০ ডিসেম্বর একটি পরিদর্শক দল গঠনের প্রজ্ঞাপন জারি করে—যার উদ্দেশ্য ছিল অনার্স কোর্স চালুর জন্য কলেজের সক্ষমতা যাচাই। কিন্তু দুঃখজনকভাবে কলেজ কর্তৃপক্ষ সেই পরিদর্শক দলকে আহ্বান করেননি।