দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের মোড়ে মোড়ে ফলের দোকানগুলিতে শোভা পাচ্ছে নানা জাতের আম। মিষ্টি আমের মম ঘ্রাণে মাতোয়ারা পুরো পৌরশহর। স্থায়ী দোকান ছাড়াও পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বিভিন্ন জাতের আমের পসরা সাজিয়ে বসেছে মৌসুমী ব্যবসায়ীরা। আর দাম কম হওয়ায় এসব মৌসুমী ব্যবসায়ীদের কাছে আম কিনতে প্রতিদিন ভিড় করছেন ক্রেতারা।
দূর দূরান্ত থেকে ভ্যানে করে গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, বারি-৪, হাড়িভাঙ্গা এবং আম্রপালিসহ বিভিন্ন দেশিও প্রজাতির নানা স্বাদের আম সংগ্রহ করে বিক্রি করছেন ব্যবসায়ীরা। সকাল থেকে রাত পর্যন্ত চলে আম কেনাবেচা।
জাত ভেদে প্রতি কেজি আম ৩০টাকা থেকে শুরু করে ১২০ টাকা কেজি দরে বিক্রয় করছে ব্যবসায়ীরা। আর এসব ভ্রাম্যমান মৌসুমী ব্যবসায়ীদের কাছে একটু কম দামে আম পাওয়া যায় বলে জানিয়েছেন ক্রেতারা।
আম কিনতে আসা বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মোঃ আসাদুজ্জামান জানান, আমের মান ভালো এবং দামও তুলনামূলকভাবে হাতের নাগালে। তাই পরিবারের জন্য কিছু আম ক্রয় করলাম। এখানে অবশ্য অনেকেই আত্মীয়-স্বজনকে পাঠানোর জন্য কিনছেন।
আম বিক্রেতারা মোঃ লিটন জানান, আমরা বীরগঞ্জের আশপাশের বাগান থেকে প্রতিদিন টাটকা আম নিয়ে বিক্রি করি।
এ বছর আমের তুলনামূলক ভাবে দাম কম হওয়ায় বেচা বিক্রি বেশ ভালো। আমের ব্যাপক চাহিদা, বিক্রিও ভালো হওয়ার কারণে আমরা কিছুটা হলেও লাভের মুখ দেখছি।