শুক্রবার , ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

রাণীনগরে বেড়িবাঁধ কেটে রাস্তা: বহন করা হবে পুকুর খননের মাটি

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

নওগাঁর রাণীনগরে পুকুর খননের মাটি বহনের জন্য বেড়িবাঁধ কেটে রাস্তা তৈরির অভিযোগ উঠেছে একদল মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে। উপজেলার মিরাট ইউনিয়নের হামিদপুরের আয়াপুর মৌজার চরকানাই এলাকার শ্রীমতখালী খালের বাঁধ কেটে রাস্তা করেছে বিএনপি নামধারী কতিপয় ব্যক্তি। এতে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধ ও বাঁধের পার্শ্ববর্তী বসবাসকারীরা।

শস্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর রাণীনগর উপজেলার সিংহভাগ মানুষের জীবিকা নির্ভর করে কৃষির উপর। কিন্তু এ অঞ্চলে মাটি খেকো বাহিনীর তান্ডবে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি এবং নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও এলাকার পরিবেশ।

সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার মিরাট ইউনিয়নের কিসমতহরপুর মৌজাসহ আশ-পাশের মৌজার প্রায় ৩০ থেকে ৪০ বিঘা আবাদি জমিতে গত বছর চারেদিক দিয়ে পাড় বেঁধে রাখা হয়েছে। ওই জমিগুলো এখন খনন করা হবে। এ জন্য জমি লিজ নিয়েছেন এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। লিজ নেওয়া ব্যক্তি সহ স্থানীয় কতিপয় বিএনপি নামধারীরা সেখানে পুকুর খননের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই পুকুর খননের মাটি বহনের জন্য সরকারি বেড়িবাঁধ কেটে রাস্তা তৈরি করেছে তারা। এমনকি বাঁধের বেশ কয়েকটি গাছও কেটে ফেলা হয়েছে। দেখে মনে হবে সরকারি অনুদানে চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছে! প্রশাসনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে রাস্তা করায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধ এবং বাঁধের পার্শ্ববর্তী বসবাসকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জানান, প্রথমে আমরা মনে করেছিলাম সরকারের পক্ষ থেকে বাঁধ কেটে চলাচলের জন্য রাস্তা প্রশস্ত করা হচ্ছে। পরে জানতে পারি ফসলি জমিতে পুকুর খনন ও পুকুরের মাটি বহনের জন্য ট্রাক্টর চলাচলের জন্য বিএনপি নামধারী ব্যক্তিরা বাঁধ কেটে অবৈধভাবে রাস্তা তৈরি করেছে। বাঁধ কাটতে বাঁধা দিলেও তারা সেই বাঁধা তোয়াক্কা না করে রাস্তা নির্মাণ করেছে। যদি এই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল করে তাহলে বাঁধের মুখে যে ব্রিজ রয়েছে সেটি চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে তৈরি করা রাস্তা ধ্বসে যাওয়ার আশাঙ্কা রয়েছে।

জমি লিজ নেয়া ওই এলাকার চরকানাই গ্রামের বাসিন্দা শহীদ মুঠোফোনে বলেন, আমি শুধু জমি লিজ নিয়েছি। পুকুর কেটে দিচ্ছে অন্য কয়েকজন ব্যক্তি। তারা আমার কাছ থেকে জমির কাগজ নিয়ে গেছে। আর আমি বাঁধের রাস্তা কাটিনি। তিনি আরও বলেন, রাণীনগর উপজেলার দুইজন ও নওগাঁ সদর উপজেলার দুইজন বিএনপি নেতা আয়াপুর মৌজায় থাকা আমার সহ আশেপাশের কৃষকদের প্রায় ৩০-৪০বিঘা জমি লিজ নিয়ে পুকুর খনন করবেন বলে জমির কাগজপত্রাদি নিয়েছে। সেই পুকুর খননের মাটি বহনের জন্য তারাই বাঁধ কেটে ট্রাক্টর চলাচলের রাস্তা তৈরি করেছে। তবে শহীদ সেই বিএনপি নেতাদের নাম প্রকাশ করেননি।

রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, বিএনপির সঙ্গে জড়িত এমন কোন ব্যক্তির বিরুদ্ধে দেশ ও জাতির ক্ষতি হয় এবং দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কর্মকান্ডের সাথে জড়িত থাকার সত্যতা পেলে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাঁধ কেটে রাস্তা তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর ফসলি জমিতে পুকুর খননের অনুমতি দেওয়া হবে না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।