শনিবার , ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে আ.লীগ নেতা হত্যার ঘটনায় মামলা আটক ১

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

যশোরের অভয়নগরে জিয়াউদ্দিন পলাশ (৪৯) নামে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ছয়জনের নামে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামি রইচ শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি ৪নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামে মডেল কলেজ সংলগ্ন বিশিষ্ট শ্রমিক নেতা মৃত ইব্রাহিম হোসেন সরদারের বড় ছেলে। এছাড়া নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া বাজারে সার ও কয়লা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, নিহত জিয়াউদ্দিন পলাশের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে নওয়াপাড়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের নওয়াপাড়া গ্রামের মৃত ছিদ্দিক শিকদারের ছেলে রইচ শিকদার (৩২), একই গ্রামের সরদারপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে তুহিন (৪২), মডেল কলেজ রোড সংলগ্ন আক্কাস মোল্যার ছেলে রফিক (৫০), একই গ্রামের দক্ষিণপাড়ার ছিদ্দিক শেখের ছেলে রবিউল ইসলাম ওরফে রবি (৪১), একই পাড়ার কালা চাঁদের ছেলে তরিকুল ইসলাম (২৪) ও নওয়াপাড়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হান্নান (৫০) নামে উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পূর্ব শত্রুতার জেরে এজাহারনামীয় ছয়জন আসামি পরিকল্পিতভাবে তার স্বামীকে অপহরণের পর পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এছাড়া হত্যাকারীরা অপহরণের পর মুক্তিপন বাবদ নগদ ২০ হাজার টাকাও আদায় করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী শারমিন নাহার বলেন, স্বামী হত্যার সঠিক বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানায় মামলা করেছি। হত্যাকান্ডের পর থেকে আমার দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ হত্যার ঘটনায় নিহতের স্ত্রী শারমিন নাহার বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন। মামলা নং-১৭। প্রধান আসামি রইচ শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পুলিশ হেফাজতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছে। অন্যান্য আসামী গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট সংলগ্ন সাইদুর রহমান ঘাটের একটি পরিত্যক্ত ঘর থেকে জিয়াউদ্দিন পলাশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে আত্মিয় স্বজন ও এলাকাবাসী। হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে রইচ শিকদার (৩২) নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।