আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন রামগড়ের এক পুলিশ সদস্য। সোমবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য হলেন, থানার উপ-পরিদর্শক (এসআই) আজুমুল হক। ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন তিনি।
পুলিশ জানায়, সোমবার রাতে মারমারির একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যায় পুলিশের একটি টিম। এ সময় বাড়ির গেলে বাড়ির দরজা খুলতেই আসামির হাতে থাকা ধারালো রড় জাতীয় অস্ত্র দিয়ে এসআই আজিমুলের মাথায় আঘাত করে। ঘটনার পরপরই হামলাকারীকে আটক করে সঙ্গে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা। পরে আহত এসআই আজিমুলকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
বাবর উদ্দিন ভূইয়া ওই এলাকার সৈয়দ বাহার উদ্দিন ভূইয়ার ছেলে।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহাদ বলেন, এসআই আজিমুলের মাথায় চোখের উপরে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক ভাবে জখম হয়েছে। বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে তবে বর্তমানে তিনি শংকামুক্ত।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করতে গিয়ে এসআই আজিমুল আহত হয়েছেন। আগের মামলা ও পুলিশের উপর হামলার ঘটনায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।