জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। রোববার ১৪-জুলাই বিকালে উপজেলার শ্যামপুরের দক্ষিণ বালুরচর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- দক্ষিণ বালুচর গ্রামের সবুজ শেখের মেয়ে সাদিয়া (১১), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১২), দেলোয়ার হোসেনের মেয়ে দিশা (১৭) ও বাবুল মিয়ার স্ত্রী রোকসানা (৩২)।
সাদিয়া ও খাদিজা স্থানীয় খাদিজাতুল কোবরা (রা.) মহিলা কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে যায় সাদিয়া ও খাদিজা। একপর্যায়ে তারা দুজন পানিতে ডুবে যায়। তাদেরকে ডুবে যেতে দেখে রোকসানা ও দিশা উদ্ধার করতে গেলে তারাও পানিতে ডুবে যায়। পরে চারজনেরই মরদেহ উদ্ধার করেন এলাকাবাসী।
মেলান্দহ থানার ওসি রাজু আহমেদ জানান, বন্যার পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে। লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল সোমবার সকালে জানাজা শেষে তাদের দাফন করা হবে।