সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

গ্রামীণ অর্থনীতি ও পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : সমবায় প্রতিমন্ত্রী ওয়াদুদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুলাই, ২০২৪
দারিদ্র্যকে শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতি তথা কৃষি, কৃষক ও পরিবেশ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (দারা) এমপি।
১৪ই জুলাই (রোববার) সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে পৃথক-পৃথক কর্মসূচির সূচনালগ্নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তালের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি ও পরিবেশকে প্রাধান্য দিয়ে ২০১৭ সালে মাননীয় প্রধানমন্ত্রী বজ্রপাত থেকে রক্ষা পেতে সারা দেশে রাস্তার দুই পাশে তালগাছের চারা-আঁটি রোপণের জন্য নির্দেশ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমরা দুর্গাপুরে ১২০০ তালগাছের চারা রোপণ করব। বজ্রপাতের হাত থেকে আমার কৃষক ভাইদের রক্ষা করতে হবে। মনে রাখতে হবে, কৃষক বাঁচলে দেশের অর্থনীতি বাঁচবে। তাছাড়া, এর উপকারিতার মধ্যে তালপাতার পাটি, তালপাতার পাখা, তালের রস, তালের গুড়, তালের শাঁস, তালের পিঠা অনন্য। সর্বোপরি এই তালগাছ দুর্গাপুরের সৌন্দর্যবর্ধক হিসেবে কাজ করবে।
এরপর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত ‘সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুদমুক্ত ক্ষুদ্রঋণ, অসহায় দরিদ্র ব্যক্তি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও ব্যক্তিদের পুনর্বাসন ও অর্থ সহায়তা বিতরণ’ অনুষ্ঠানে সুবিধাভোগীদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন, নানারকম কৃষি উপকরণ, দুঃস্থদের মাঝে চেক বিতরণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উঁচু-নিচু বেঞ্চ বিতরণ শেষে  প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সর্বদা কাজ করেছেন। আমরাও তাঁর দেখানো পথেই এগিয়ে যেতে চাই। বর্তমানে অতিদরিদ্রের হার মাত্র ৫.৬ শতাংশ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অচিরেই উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে, যদিও এর আগেই দারিদ্র্যকে জাদুঘরে পাওয়া যেতে পারে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়, দুর্গাপুর, রাজশাহী কর্তৃক আয়োজিত  অপর কর্মসূচিতে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ পল্লীর সুবিধাভোগীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, গাভী এবং শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে বলেন, সমাজের সকল স্তরের সবাইকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। গড়ে তুলতে হবে স্মার্ট বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো হতাশা বা দারিদ্র্য। সকলের ঐকান্তিক চেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ ‘প্রাচ্যের সুজারল্যান্ড’ হবে আমাদের এই দেশ।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফ, দুর্গাপুর পৌরসভার মেয়র সাজেদুর রহমান মিঠু এবং দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান ফিরোজ।
এছাড়া অনুষ্ঠানে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।