যশোরের অভয়নগরে নওয়াপাড়াসহ বিভিন্ন গ্রাম অঞ্চলে হাজার হাজার প্রাইভেট গাড়ি, ট্রাক, ডাম্পারসহ অবৈধ ফিটনেসবিহীন গাড়িতে সয়লাব হয়ে পড়েছে। তথ্য অনুসন্ধানে এমনটাই বেরিয়ে এসেছে। জানা গেছে, উপজেলার গাড়ির মালিকেরা অধিকাংশ যানবাহনের কাগজপত্র নবায়ন না করে দেধারছে রোডে চলাচল করছে। ফলে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। বিভিন্ন রাজনৈতিক ক্ষমতা ও রাঘববোয়ালদের যোগসাজশে অবৈধ ফিটনেসবিহীন গাড়ি বছরের পর বছর চলাচল করলেও ওই সব গাড়ির ফিটনেসসহ কাগজপত্র সঠিকভাবে যাচাই করা হচ্ছেনা। এগুলো কোন প্রতিবন্ধকতা ছাড়াই হাইওয়েসহ গ্রাম অঞ্চলের রাস্তায় চলাচল করে। সূত্রে জানা গেছে, নওয়াপাড়ার অধিকাংশ ব্যবসায়ীদের গাড়ির কোন ফিটনেস নেই। আর অনেক গাড়ির মালিকেরা অভিযোগ করে বলেছেন বছরে একটি গাড়ি প্রতি যে টাকা কাগজ রিপ্লেস করতে বিআরটিসিকে দিতে হয় তার থেকে দ্বিগুণ টাকা পুলিশদের দিতে হয়। ফলে গাড়ির কাগজ ঠিক করে কি হবে? কাগজ ঠিক করলেও পুলিশের হাত থেকে টাকা না দিয়ে বাঁচা যায়না। তাই বাধ্য হয়ে বছরের পর বছর কাগজ বিহীন গাড়ি রোডে চালাতে হয়। তা ছাড়া পুলিশকে টাকা দিলেই যদি গাড়ি রোডে চলতে পারে তাহলে লাখ লাখ টাকা দিয়ে কাগজ, গাড়ির ফিটনেস ঠিক করার কোন দরকার পড়েনা। অনুসন্ধানে আরোও জানা যায়, উপজেলায় যে কয়টি ইট ভাটা রয়েছে সব ইট ভাটার গাড়ি গুলোর কাগজপত্র কয়েক যুগ ধরে নেই বললে চলে। অথচ ওইসব গাড়ি গুলো গ্রাম অঞ্চলের রাস্তায় দেধারছে চলাচলের কারণে অধিকাংশ রাস্তা ভেঙে দেবে যাচ্ছে। ফলে ওই সব রাস্তা সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। ফলে রাস্তা সংস্কারে যেমন সরকার অর্থেনৈতিক ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমন যুগ যুগ ধরে ওইসব গাড়ির মালিকপক্ষ কাগজপত্র ঠিক না করায় সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। জরুরি ভাবে উপজেলার গাড়ির কাগজপত্র যাচাইসহ সকল গাড়ির ফিটনেস পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন সচেতন মহল।
এবিষয়ে অভয়নগর নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি লিয়াকত বলেন, নিয়মিত ফিটনেসবিহীন গাড়ির কাগজপত্র চেক করে মামলা দেওয়া হয়, এমনকি ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়। স্থানীয় গাড়িগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই প্রভাব খাটিয়ে গাড়ির মালিকেরা বলে নওয়াপাড়ার গাড়ি আটকানো বা মামলা দেওয়া যাবেনা, বিভিন্ন প্রভাবের কারণে স্থানীয় গাড়িগুলোকে ছাড় দিয়ে চলতে হয়, তারপরেও মাঝে মাঝে কিছু গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।