সোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজশাহীতে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ জুন, ২০২৪
রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৮ জুন) সকালে রাজশাহী নগরীর বড়কুঠিস্থ বোয়ালিয়া থানা ভুমি অফিস প্রাঙ্গণে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ‘ভূমি সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করেন।
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ জুন (শনিবার) হতে আগামী ১৪ জুন (শুক্রবার) পর্যন্ত নাগরিকদের কাছে বিভিন্ন ভূমিসেবা সহজে পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয় এ উদ্যোগ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গরীব-ভূমিহীন মানুষদের জন্য লক্ষীপুর জেলার রামগতি উপজেলার পোড়াগাছায় ১৯৭২ সালে গুচ্ছগ্রাম (বর্তমান আশ্রয়ণ প্রকল্প) শুরু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারে আসার পরপরই গরীব মানুষদের  পুনর্বাসনের জন্য আশ্রয়ণ প্রকল্প শুরু করেন। এখন পর্যন্ত প্রায় ১৩-১৪ লক্ষ মানুষকে এ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদান করা হয়েছে। পৃথিবীতে এমন আর কোনো দেশ নেই যে দেশের সরকারপ্রধান ঘোষণা দিয়েছেন যে-“আমি একটি মানুষকে গৃহহীন-ভূমিহীন রাখবো না”। রাজশাহীর ৬৭টি উপজেলার মধ্যে ৬৫টি উপজেলা ইতোমধ্যে গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে।১০ জুন প্রধানমন্ত্রী বাকি ২ উপজেলাকেও গৃহহীন-ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন। এখন পর্যন্ত আমরা ৩৫ হাজার ঘর তৈরি করে দিয়েছি। সরকারের ভূমিকেন্দ্রিক এই জয়যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় কমিশনার।
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর উল্লেখ করে হুমায়ূন কবীর বলেন, ২৪ ধরনের ভূমি সংক্রান্ত অপরাধের বিস্তারিত এই আইনে রয়েছে এবং কেউ যদি ভূমি সংক্রান্ত অপরাধে জড়িত হন তাহলে আইনানুযায়ী দন্ডিত হবেন।
ভূমি মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনো কাজে দালালচক্রের শরণাপন্ন না হয়ে সরাসরি ভূমি অফিসে অথবা অনলাইনে খুব সহজে সেবা নিতে পারেন।
বক্তৃতা শেষে বিভাগীয় কমিশনার ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানের শুরুতে স্মার্ট ভূমি সেবায় সরকারের বিভিন্ন কার্যক্রমের উপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ভূমি মালিকগণের নিকট হতে তাদের ভূমিবিষয়ক বিভিন্ন সমস্যা সম্পর্কিত প্রশ্ন গ্রহণ করা হয় এবং তার জবাব প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভূমি সেবায় প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কৃত করা হয়।এছাড়া ভূমি সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
পরে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইমতিয়াজ হোসেন এবং জোনাল সেটেলমেন্ট অফিসার ড. সিতারা বেগম।
বোয়ালিয়ার সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহীতা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।