ময়মনসিংহের নান্দাইলে আবারো হিংস্র বেওয়ারিশ কুকুর বিভিন্ন এলাকায় হানা দিয়ে অন্তত ১০ জনকে কামড়িয়ে আহত করেছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার পাঁচপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক রিয়াদ জানান, সকাল ১০টার দিকে একটি কুকুর যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে ধরছে। এভাবে আশপাশের বিভিন্ন বয়সী শিশু, নারী, পুরুষকে কামড়ে আহত করেছে। এ সময় সাধারণ জনতার ধাওয়া খেয়ে কুকুরটি পালিয়ে যায়।
অপর বাসিন্দা শরিফ জানায়, কুকুরটি অন্য এলাকায় ধাওয়া খেয়ে আমাদের এলাকায় এসে মাঠে ঘাস খেতে থাকা বেশ কয়েকটি গরুকে কামড়িয়ে আহত করে। সেখানে ধাওয়া খেয়ে অন্য এলাকায় চলে যায়।
আহতরা হলেন আশিক, ফুহাদ, মন্নাছ, সুজন, শাহেদ, বাদল, আলমগীর। এছাড়াও দুই নারী ও এক কন্যা শিশুকে গুরুতর আহত করেছে কুকুরটি।
সম্প্রতি নান্দাইলে বেওয়ারিশ কুকুরের তাণ্ডব বেড়ে গেছে। কিছু দিন আগে ইজাজুল নামে এক যুবককে কামড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করেও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পালের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, এ বিষয়ে প্রাণিসম্পদ অফিসের সঙ্গে কথা বলুন।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
সংশ্লিষ্ট এলাকার কমিশনার আহসানউল্লাহ জানান, আমার বাড়ির আশপাশে এ ঘটনা ঘটেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়রকে ঘটনাটি অবহিত করেছি।