পাবনার ফরিদপুরে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে একটি বিস্ফোরক আইনের মামলার তদন্তে পাওয়া আসামিরা রয়েছেন। এ ছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি এবং গাঁজা সেবনের অপরাধে আটক ব্যক্তিদের মধ্যে দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, ধানুয়াঘাটা বাজারসংলগ্ন এলাকার মো. এশারত প্রামাণিক (৩২), উত্তর টিয়ারপাড়া এলাকার মো. ইমন আহম্মেদ বাবু (৪০), নেছড়াপাড়া ওয়াপদা এলাকার মো. আকাশ (২২), উত্তর থানাপাড়া এলাকার মো. শামীম আহসান (৩২) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার মো. মানিক (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার মামলা নম্বর-৬, তারিখ ২২ নভেম্বর ২০২৫। দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৪৪৮/৪২৭/১১৪ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ১৯০৮-এর ৩/৪ ধারায় দায়ের করা মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে এশারত প্রামাণিক ও ইমন আহম্মেদ বাবুকে আটক করা হয়। এ ছাড়া নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামির অপরাধে আকাশ এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের অপরাধে শামীম আহসান ও মানিককে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে দুজনকে ৫০ টাকা অর্থদণ্ডসহ এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ফরিদপুর থানার এসআই (নিঃ) মো. আশরাফুল ইসলাম, এসআই (নিঃ) বিজন কুমার, এসআই (নিঃ) মো. আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মো. রফিকুল ইসলাম, এএসআই (নিঃ) শাহানুর রহমান, এএসআই (নিঃ) মো. ওয়ারেছ আলী ও এএসআই (নিঃ) মো. রফিকুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, আটক পাঁচজনকে প্রয়োজনীয় পুলিশি পাহারায় শনিবার দুপুরে পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযানে পুলিশ তৎপর রয়েছে।