২০২৬ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা। তাঁর এই অনন্য অর্জনে দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলায় যোগদানের পর থেকেই সিলভিয়া স্নিগ্ধা জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে গতিশীল ও জনবান্ধব করতে নানা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় নিবন্ধন সেবা পৌঁছে দেওয়া, নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ নিবন্ধন নিশ্চিত করা এবং ডিজিটাল সেবার মানোন্নয়নে তাঁর নিরলস প্রচেষ্টা ও তদারকি বিভাগীয় পর্যায়ে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে ঢাকা বিভাগের সেরা ইউএনও হিসেবে নির্বাচিত হন তিনি।
এদিকে, তাঁর এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে দৌলতপুরজুড়ে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী জানান, সিলভিয়া স্নিগ্ধার এই অর্জন পুরো দৌলতপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের। তাঁর দক্ষ নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ড দৌলতপুর উপজেলার সুনাম ও মর্যাদাকে আরও এক ধাপ উচ্চতায় নিয়ে গেছে। আগামীতেও তাঁর এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং উপজেলার সার্বিক উন্নয়নে এটি সবার জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে প্রত্যাশা করছেন উপজেলাবাসী।