পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামে কেনা জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী এক বিধবা পরিবারকে উচ্ছেদের চেষ্টা এবং মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে একাধিকবার থানায় শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে আদালতে মামলা দায়ের করার পরও অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের ওপর চাপ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুসারে, শাহাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রী জামেনা খাতুন ২০১৫ সালে একই গ্রামের মৃত নজির মোল্লার ছেলে মোক্তার মোল্লার কাছ থেকে সন্তোষপুর মৌজায় ১১ শতক জমি ক্রয় করেন। জমি খাজনা খারিজ করার পর প্রায় সাত বছর আগে সেখানে ঘরবাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন তিনি। পরে জমি সংলগ্ন এলাকায় পাকা রাস্তা নির্মাণ হলে জমি বিক্রেতার আত্মীয়স্বজনরা জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। বর্তমানে তারা জমি বিক্রির বিষয়টিই অস্বীকার করছেন বলে ভুক্তভোগীদের দাবি।
জামেনা খাতুন বলেন, “আমার কেনা জমি, দলিলও আছে। কিন্তু এখন তারা জমি দেবে না বলে আমাদের এলাকা ছাড়া করার চেষ্টা করছে। বিভিন্ন সময় বাড়িতে এসে হুমকি-ধমকি দিচ্ছে। থানায় কয়েকবার শালিস হয়েছে, কিন্তু তারা কিছুই মানছে না। পরে পুলিশের পরামর্শে আদালতে দুটি মামলা করা হয়েছে।”
অভিযুক্তদের মধ্যে রয়েছেন শাহাপুর গ্রামের আমিন উদ্দিন, জাহিন, মজনু, মহির উদ্দিন, ইন্তাজ, আশরাফুলসহ আরও কয়েকজন। ভুক্তভোগীদের অভিযোগ, এদের মধ্যে ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মহির উদ্দিন নেতৃত্ব দিচ্ছেন। জামেনা খাতুনের ছেলে সবুজ সরকার বলেন, “মহির উদ্দিন জমি বিক্রেতা মোক্তার মোল্লার ভাতিজা। তিনি নেতৃত্ব দিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছেন। বাড়িতে হামলা করতে আসছেন এবং আমাকে তুলে নিয়ে যাবেন, এলাকা ছাড়া করবেন বলে হুমকি দিচ্ছেন। গত ২০ নভেম্বর লোকজন নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমার খালু মমিন আলী আমাদের পাশে দাঁড়ানোর কারণে তাকেও মারধর করা হয়।”
মমিন আলী নিজেও বলেন, গত ১৭ নভেম্বর এক দফা এবং ২০ নভেম্বর বাজার যাওয়ার পথে দ্বিতীয় দফায় তাকে মারধর করা হয়। অভিযুক্তরা তাকে মামলা তুলে নিতে নির্দেশ দেন এবং না মানলে গুম করে ফেলার হুমকি দেন। এ ঘটনায় তিনি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস রেজা বলেন, “জামেনা খাতুনের জমি কেনার কাগজপত্র সঠিক আছে। কিন্তু রাস্তা হওয়ার পর জমির অবস্থানগত গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় বিক্রেতার স্বজনরা বিক্রি মানছেন না। একাধিকবার শালিস হয়েছে, কিন্তু কোনো সমাধান হয়নি।”
অভিযুক্ত মহির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “জামেনা খাতুন জমি কিনেছে এবং সেখানে বসবাস করছে—এটা ঠিক আছে। কিন্তু তার মোটরের পানি আমার চাচাতো ভাই জাহাঙ্গীরের জমিতে পড়ছে। এটা নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়েছে। জামেনার ছেলে সবুজ আমার ভাতিজাকে মারার চেষ্টা করেছিল। এ বিষয়ে শুনতে গিয়েছিলাম। কাউকে মারধর বা হামলা করা হয়নি।”
জমি বিক্রেতা মোক্তার মোল্লা বলেন, “আমার অংশের জমি বিক্রি করেছি এবং বুঝিয়ে দিয়েছি। খাজনাও তার নামে খারিজ হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বসবাস করছে। কিন্তু আমার আত্মীয়স্বজনরা ঝামেলা করলেও আমি কিছু করতে পারছি না। তারা সংখ্যায় বেশি, আমার কথা শোনে না।”
চাটমোহর থানার ওসি বিষয়টি স্মরণ করতে না পেরে বলেন, “অভিযোগকারী থানায় না এলে স্পষ্ট করে বলা যাচ্ছে না। অভিযোগ এলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। থানায় কোনো বৈঠক হয়েছে কি না এই মুহূর্তে মনে করতে পারছি না।”