যশোরের অভয়নগরে এক নারীকে প্রাণনাশের হুমকি, অকথ্য ভাষায় গালিগালাজ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকের ভুয়া আইডি খুলে তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার ১ নম্বর প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হীরা সরকার (৩০) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ও অভয়নগর থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন। অভিযোগপত্র সূত্রে জানা যায়, অভিযুক্ত শরিফুল ইসলামের সঙ্গে হীরা সরকারের পূর্বপরিচয় রয়েছে। অভিযোগকারীর দাবি, শরিফুল ইসলাম চেঙ্গুটিয়া এলাকার নারায়ণ সাহার মেয়ে প্রিয়াঙ্কা সাহাকে বিয়ে করেছিলেন। পরে তাঁদের বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন হীরা সরকার। বিষয়টি প্রিয়াঙ্কা সাহার বাবা নারায়ণ সাহাকে জানানোর কারণে শরিফুল ইসলাম তাঁর ওপর ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হীরা সরকারের অভিযোগ, এর জেরে গত ২ নভেম্বর ২০২৬ বিকেল আনুমানিক চারটার দিকে শরিফুল ইসলাম অভয়নগর থানাধীন ৪ নম্বর পায়রা ইউনিয়নের সমসপুর গ্রামে তাঁর বাড়িতে যান। সেখানে তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং খুন-জখমসহ প্রাণনাশের হুমকি দেন। তাঁকে দেখে নেওয়া ও শেষ করে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর থেকে শরিফুল ইসলাম বিভিন্ন ফেসবুক আইডি, যেগুলোকে ভুয়া বলে দাবি করেছেন অভিযোগকারী, ব্যবহার করে হীরা সরকার ও তাঁর স্বামী দিনেশ মণ্ডলকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
হীরা সরকার অভিযোগপত্রে উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এলাকার লোকজন অবগত রয়েছেন। নিকটাত্মীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও অভয়নগর থানায় লিখিত অভিযোগ দিতে এসেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছেন তিনি। এবিষয়ে ১ নং প্রেমবাগ ইউনিয়নের সচিব শরিফুল ইসলাম বলেন, আমি হুমকি দেয়নি সে আমাকে হুমকি দিয়েছে। তার বর্তমান স্ত্রীর সাথে ডিভোর্স হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ডিভোর্স হয়েছিলো তা আবার প্রত্যহারও হয়ে গেছে। তিনি সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, কে আপনাকে ডকুমেন্ট দিয়েছে হিসাব করে কাজ করবেন আর আমি আমার কাজ করছি। এবিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দীন দিপু বলেন, অভিযোগ পাওয়া গেছে, সবকিছু তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। বিধি মোতাবেক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।