[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

অপরাধ দমনে সাফল্য, পাবনার শ্রেষ্ঠ ওসি ফরিদপুরের মঞ্জুরুল হাসান মাসুদ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাবনার ফরিদপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, অস্ত্র উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল হাসান মাসুদ। আগস্ট মাসের কর্মদক্ষতার মূল্যায়নে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১৮ নভেম্বর) পাবনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট ফরিদপুর থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মঞ্জুরুল হাসান মাসুদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধ নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এর মধ্যে ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ তরুণী উদ্ধার, দুর্গম চরাঞ্চল থেকে রাইফেলের গুলি ও দেশীয় অস্ত্র জব্দ, মাদক কারবারি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তারের মতো উল্লেখযোগ্য সাফল্য রয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর ফরিদপুর পৌর এলাকার উত্তর থানাপাড়ার জিন্নাত ফকিরের মেয়ে জিয়াসমিন খাতুন নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হওয়ার পর ওসির তত্ত্বাবধানে অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি চাপাতি, একটি রামদা ও তিনটি ধারালো দা উদ্ধার করে পুলিশ। একই অভিযানে এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও অস্ত্র মজুদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারেও সাফল্য পেয়েছে থানা পুলিশ। ৬ অক্টোবর বিশেষ অভিযানে চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককেও গ্রেপ্তার করা হয়। মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ আন্তজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তার এবং গাঁজাসহ আটক এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনাও রয়েছে।

স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যে ধারাবাহিক অভিযান ও দ্রুত আইনগত পদক্ষেপের কারণে ফরিদপুরে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা দৃশ্যমান হয়েছে। বিশেষ করে দুর্গম চরাঞ্চলে অভিযান ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের ভূমিকা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মঞ্জুরুল হাসান মাসুদ বলেন, অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে অপরাধ ও মাদকমুক্ত, নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে আমাকে উৎসাহিত করবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।