[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

২৪ ঘণ্টাও টিকল না বদলির শাস্তি, টাকার জাদুতে সাতক্ষীরা মেডিকেলের সেই কর্মচারীর বহাল তবিয়ত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
অনিয়ম, দুর্নীতি, দায়িত্ব পালনে চরম অবহেলা এবং ঘুষ বাণিজ্যের দীর্ঘ অভিযোগ মাথায় নিয়ে শাস্তি হিসেবে বদলি হওয়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরীর বদলি আদেশ শেষ পর্যন্ত অদৃশ্য শক্তির ইশারায় মাত্র একদিনের ব্যবধানেই স্থগিত করা হয়েছে! মোটা অঙ্কের আর্থিক লেনদেন বা উৎকোচের বিনিময়ে এই বদলি আদেশ স্থগিত করা হয়েছে বলে জোরালো গুঞ্জন উঠেছে। দুর্নীতিবাজ এই কর্মচারীর এমন বেপরোয়া ও ক্ষমতাকেন্দ্রিক কূটচালে পুরো স্বাস্থ্য বিভাগে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অনুসন্ধানে জানা যায়, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য বিভাগ, খুলনাঞ্চলের পরিচালক ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং- ৪৫.৪০.০০০০.০০০.০০১.১৯.০৬৫.২৬-১৮৯৮/১(৭)) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান সহকারী আখতারুজ্জামান খান চৌধুরীকে অনিয়ম ও দুর্নীতির দায়ে খুলনার দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছিল। কিন্তু এই প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা যেন প্রহসনে পরিণত হয়েছে। ঠিক পরের দিন অর্থাৎ ১৮ নভেম্বর রাতেই সম্পূর্ণ রহস্যজনক কারণে ওই বদলি আদেশ স্থগিত করা হয়। অভিযোগ উঠেছে, দুর্নীতিবাজ আখতারুজ্জামান প্রভাবশালী মহলের শরণাপন্ন হয়ে এবং পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেনকে মোটা অঙ্কের উৎকোচ প্রদান করে রাতারাতি এই আদেশ স্থগিত করাতে সক্ষম হয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ১১ আগস্ট আখতারুজ্জামান খান চৌধুরীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অনলাইন বেতন-ভাতা নথি, নার্সিং কর্মকর্তাদের বেতন নথি, বিল রেজিস্টার সংরক্ষণ, সিনিয়র ও উচ্চতর স্কেল ফাইল এবং কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব দেওয়া হয়। এছাড়া প্রতি অর্থবছরে অডিট মিটআপ করার দায়িত্বও ছিল তার ওপর। কিন্তু এই গুরুদায়িত্ব পাওয়ার পরই তিনি এটিকে নিজের অবৈধ আয়ের থাবায় পরিণত করেন। ফাইল আটকে রেখে সেবাগ্রহীতাদের হয়রানি এবং প্রতিটি পদক্ষেপে উৎকোচ আদায় ছিল তার নিত্যদিনের রুটিন। আখতারুজ্জামানের দুর্নীতির শিকড় অনেক গভীরে। এর আগে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ওয়ার্ড মাস্টার ও অফিস সহকারী হিসেবে কর্মরত থাকাকালীন রোগীদের জিম্মি করে অর্থ আদায় এবং মেডিকেল সার্টিফিকেট (এমসি) জালিয়াতির মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছিলেন। তার বিরুদ্ধে অতীতে সাতক্ষীরা সিভিল সার্জন বরাবর দাখিল করা এক লিখিত অভিযোগে ভুক্তভোগী বেবী নাজমীন ও মারুফা সুলতানা উল্লেখ করেছিলেন যে, ২০১৮ সালের ২৮ মে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হয়ে মাথায় গুরুতর আঘাতের চিকিৎসা নেন তারা। ৩০ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের এক্স-রে করার নির্দেশ দিলে তারা তৎকালীন অফিস সহকারী আক্তারের কাছে যান। তখন আক্তার জনৈক এক মহিলার মাধ্যমে তাদের কাছ থেকে অবৈধভাবে ৭০০ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে ৩১ মে হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় আক্তার হোসেন তাদের ছাড়পত্র, স্লিপ ও প্লেটগুলো নিয়ে নেন এবং ছাড়পত্রটি কাটাকাটি করে তাদের হাতে ধরিয়ে দেন। মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে এক্স-রে রিপোর্ট ও মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দেওয়ার কথা বললেও বাস্তবে এমসি ও ছাড়পত্রের তারিখের মধ্যে মারাত্মক গরমিল সৃষ্টি করা হয় এবং ভুক্তভোগীদের এক্স-রে প্লেটটি পর্যন্ত আত্মসাৎ করা হয়। সে সময় ভুক্তভোগীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অভিযুক্ত আক্তার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়ে মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি ও দুর্বল করার অসৎ উদ্দেশ্যে এই প্রতারণা করেছিলেন। দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বহাল তবিয়তে থেকে যিনি অনিয়ম ও জালিয়াতির সাম্রাজ্য গড়ে তুলেছেন, তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তা স্থগিত হয়ে যাওয়া প্রমাণ করে স্বাস্থ্য বিভাগের ভেতরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ চক্র কতটা বেপরোয়া। স্থানীয় সচেতন মহল ও দুর্নীতিবিরোধী সচেতন নাগরিক সমাজের দাবি, একজন বিতর্কিত ও দুর্নীতিবাজ কর্মচারীকে বাঁচাতে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ঘুষের বিনিময়ে বদলি আদেশ স্থগিত করেছেন, তাদের বিরুদ্ধেও দুদক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কঠোর তদন্ত হওয়া জরুরি। অবিলম্বে এই বদলি আদেশ স্থগিতের সিদ্ধান্ত বাতিল করে আখতারুজ্জামানকে শাস্তিমূলক কর্মস্থলে বহাল করা না হলে সাতক্ষীরার সাধারণ জনগণ ও চিকিৎসাসেবা বঞ্চিত মানুষ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এ বিষয়ে খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ মোঃ মোশাররফ হোসেন বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল এর পরিচালকের সাথে কথা বলে তার বদলি আদেশ স্থগিত করা হয়েছে। অপর একটি প্রশ্ন ছড়িয়ে দিলে তড়িঘড়ি করে আলাপ কলটির সংযোগ বিচ্ছিন্ন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।