মানিকগঞ্জের দৌলতপুর বাজার এলাকায় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে সড়ক পরিবহন আইন অমান্য করায় বেশ কয়েকজন দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে দৌলতপুর বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় এ উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি দৌলতপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সাধারণ পথচারীদের ভোগান্তি চরম আকার ধারণ করেছিল এবং প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছিল। জনসাধারণের চলাচলের পথ সুগম ও নিরাপদ করতেই এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফুটপাতের সমস্ত অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস গণমাধ্যমকে জানান, “জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত করতেই আমাদের এই অভিযান। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার পাশাপাশি সড়ক আইন লঙ্ঘনের দায়ে দোকান মালিক ও মোটরসাইকেল আরোহীদের জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।”