নওগাঁর রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে মারপিটের ঘটনায় গ্রাম পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল রাখালগাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে চারজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গ্রাম পুলিশ রিপন হোসেন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী রনি ইসলাম প্রায় চার মাস আগে স্ত্রীকে তালাক দেন। তবে দেনা-পাওনা সংক্রান্ত কারণে স্ত্রী বাড়ি ছাড়েননি। সোমবার রাতে দেশে ফিরে মঙ্গলবার সকালে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বিরোধ ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশ রিপন হোসেন, তাঁর বাবা ও মা আহত হন।
অন্যদিকে রনি ইসলাম দাবি করেন, রিপন ও তাঁর বাবা-মায়ের হামলায় তিনি, তাঁর মা ও ভাই আহত হয়েছেন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, এ ঘটনায় গ্রাম পুলিশ রিপন হোসেন লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।