পাবনার চাটমোহরে সরকারি সার লুটের ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ডিলারের গুদাম ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগে ২০০ থেকে ২৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। অন্যদিকে, ঘটনাটি তদন্তে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তবে ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন সার ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ।
সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন সার ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও সার লুটের অভিযোগের সত্যতা উদ্ঘাটনে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে। সদস্য হিসেবে রয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. লুৎফর রহমান। কমিটিকে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। তবে প্রতিবেদন দাখিলের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো ও সার বিতরণে বিলম্ব নিয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ছাইকোলা বাজারের অন্য দুটি বিক্রয়কেন্দ্রে সার বিতরণ বন্ধ হয়ে গেলে সেখানকার কৃষকরাও ডিলার প্রদীপ কুমার পালের গুদামের সামনে ভিড় করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন টিনশেড ঘরটি ভাঙচুর করেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
ডিলারের পক্ষ থেকে দাবি করা হয়, গুদামে থাকা ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে ১৭০ বস্তা বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট ১ হাজার ১১ বস্তার মধ্যে ৪০০ বস্তা মজুত রয়েছে এবং ৬১১ বস্তা সার লুট হয়েছে।
ঘটনার পর জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ ও চাটমোহর থানার ওসি অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানায়।
এখন মামলার তদন্তে কারা জড়িত, কী পরিমাণ সার প্রকৃতপক্ষে লুট হয়েছে এবং সরকারি সার বিতরণে কোনো অনিয়ম ছিল কি না এসব প্রশ্নের উত্তর খুঁজছে সংশ্লিষ্ট প্রশাসন।