অবৈধ দোকান-হোটেল-গুদাম নির্মাণ, কোথাও বালু ফেলে দখলের চেষ্টা; বাড়ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। যশোরের অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকায় সরকারি সম্পত্তি দখলের প্রতিযোগিতা যেন থামছেই না। বাংলাদেশ রেলওয়ে ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মূল্যবান জমি দখল করে গড়ে উঠেছে পাকা দোকানঘর, হোটেল-রেস্তোরাঁ, গুদাম, টিনশেড ঘরসহ নানা স্থাপনা। কোথাও আবার বালু ফেলে সরকারি জমি ভরাট করে নতুন করে দখলের প্রস্তুতি চলছে। দীর্ঘদিন ধরে এভাবে সরকারি জমি বেদখল হলেও কার্যকর নজরদারি ও স্থায়ী উচ্ছেদ কার্যক্রম না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
নওয়াপাড়া দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নদীবন্দর, শিল্প ও বাণিজ্যকেন্দ্র। সার, কয়লা, খাদ্যশস্যসহ বিভিন্ন পণ্যের বিপুল আমদানি-রপ্তানি ও পরিবহনের কারণে এ অঞ্চলের সড়ক ও রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাণিজ্যিক গুরুত্বসম্পন্ন এই এলাকায় সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের প্রবণতা এখন জনদুর্ভোগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা গেছে, রেলওয়ে ও সড়ক ও জনপথ বিভাগের জমির বিভিন্ন অংশে গড়ে উঠেছে পাকা দোকানঘর, হোটেল-রেস্তোরাঁ, গুদাম (ওয়্যারহাউস), টিনশেড ঘর ও অন্যান্য বাণিজ্যিক স্থাপনা। কোথাও রেললাইন ও মহাসড়কের মধ্যবর্তী ফাঁকা জায়গা, আবার কোথাও সড়ক ও রেলপথের সংরক্ষিত জমির পাশে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। কিছু জায়গায় বালু ফেলে জমির শ্রেণি ও অবস্থান পরিবর্তনের মাধ্যমে দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীদের একটি অংশ সরকারি জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। বিশেষ করে পণ্য ওঠানামার জন্য সার ও কয়লার ডাম্প, গুদাম এবং বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় সড়কের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। এসব স্থাপনার বৈধতা, জমির মালিকানা এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে প্রশ্ন থাকলেও দৃশ্যমান কার্যকর ব্যবস্থা না থাকায় দখলদারদের তৎপরতা বাড়ছে। একজন পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, নওয়াপাড়া দেশের অন্যতম বড় সার, কয়লা ও খাদ্যপণ্যের মোকাম। এখানে সরকারি জায়গা দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। অনেক জায়গায় নিয়মনীতি না মেনেই সার ও কয়লার ডাম্প তৈরি হয়েছে। প্রতিনিয়ত ভারী যানবাহন দিয়ে পণ্য ওঠানামা করায় মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আরও বলেন, ‘আমরা চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত দখল হওয়া সরকারি জমি চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করুক। সরকারি জায়গা উদ্ধার করে যানবাহন ও সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক। স্থানীয়দের মতে, শুধু জমি দখলই নয়, এসব স্থাপনায় ভারী যানবাহন প্রবেশ, পণ্য লোড-আনলোড এবং রাস্তার পাশে মালামাল রাখার কারণে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। রেলপথের কাছাকাছি অবৈধ স্থাপনা থাকলে রেলওয়ের নিজস্ব নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমও বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ রেলওয়ে ও সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা কিংবা দখলদারদের নোটিশ দেওয়া হলেও তার স্থায়ী সুফল মিলছে না। অভিযান শেষে আবারও নতুন করে স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, সরকারি জমির সীমানা নির্ধারণ, নিয়মিত তদারকি এবং উচ্ছেদের পর পুনর্দখল ঠেকাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর পদক্ষেপ কোথায়? এদিকে সরকারি জমি দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের ফলে সরকার সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি সরকারি সম্পত্তি সংরক্ষণে সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব ও জবাবদিহি নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে যশোর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) শাম্মী সুলতানা বলেন, ‘বেআইনিভাবে কেউ সরকারি জায়গা দখল করে ভরাট বা অবৈধ স্থাপনা নির্মাণ করে থাকলে এবং তা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস কিংবা বিচ্ছিন্ন উচ্ছেদ অভিযান নয়; রেলওয়ে ও সওজের যৌথ উদ্যোগে পুরো এলাকার সরকারি জমি জরিপ করে সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনার তালিকা তৈরি এবং দখলদারদের বিরুদ্ধে ধারাবাহিক উচ্ছেদ অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে উদ্ধার করা জমি যাতে পুনরায় বেদখল না হয়, সে জন্য নিয়মিত নজরদারির ব্যবস্থা করতে হবে। নওয়াপাড়ার মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদে সরকারি সম্পত্তি রক্ষার পাশাপাশি সড়ক ও রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপই পারে সরকারি সম্পদ রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে।