ঠাকুরগাঁও সদর আসনের উন্নয়নে আরও একটি নতুন ধাপ যুক্ত হলো। রুহিয়া উপজেলার সেনুয়া ইউনিয়নে আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
শনিবার ৭ নভেম্বর বিকেলে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে নির্মাণকাজের সূচনা করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
শুরুতে ফুলেল শুভেচ্ছায় অতিথিদের স্বাগত জানানো হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা নানা বয়সী মানুষ, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম এবং রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। এছাড়া সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সংসদ সদস্য বলেন, নতুন এই ভবনটি চালু হলে সেনুয়ার বাসিন্দাদের আর ছোটখাটো সেবার জন্য দূরে ছুটতে হবে না। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ভাতার কার্যক্রম থেকে শুরু করে ভিজিডি-ভিজিএফের মতো সব ধরনের সরকারি সুবিধা একই ভবন থেকে মিলবে।
তিনি আরও বলেন, গ্রামকে শহরের মতো সাজিয়ে তোলার যে পরিকল্পনা নিয়ে সরকার এগোচ্ছে, তারই একটি অংশ হিসেবে এই ভবন তৈরি হচ্ছে। ঠাকুরগাঁও-১ আসনের প্রতিটি ইউনিয়নেই ধারাবাহিকভাবে উন্নয়ন পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
নির্মাণকাজের মান নিয়ে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে ভালোভাবে কাজ শেষ করতে ঠিকাদার ও প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য।