[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ আয়োজনকে ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার এনামুল হক। এ সময় জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজ্জু এবং জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের থিম সং, ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নওগাঁর ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল এ প্রতিযোগিতায় অংশ নেবে। টুর্নামেন্টকে ঘিরে পৌরসভাসহ জেলার প্রতিটি ইউনিয়নে মাইকিং, বিলবোর্ড ও পোস্টারের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এর মাধ্যমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ও দর্শকদের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এনামুল হক বলেন, ‘যুবসমাজকে মাঠমুখী করা এবং তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যেই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল এতে অংশ নেবে। আগামী ৪ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।’
স্থানীয় ফুটবলের উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, গত দুই বছর ধরে নওগাঁর ফুটবলে একটি নীতিগত অবস্থান অনুসরণ করা হচ্ছে। স্থানীয় টুর্নামেন্টগুলোতে কোনো বিদেশি খেলোয়াড়কে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। অতীতে দেখা গেছে, কিছু অসাধু ব্যবসায়ী বা আয়োজক কমিটি শুধু ব্যবসায়িক উদ্দেশ্যে টুর্নামেন্ট আয়োজন করলেও স্থানীয় খেলোয়াড়দের বিকাশে তেমন গুরুত্ব দিত না। এ ধরনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে স্থানীয় খেলোয়াড় তৈরি ও তাদের প্রতিভা বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শিগগিরই একটি বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন করা হবে। এর আওতায় ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবল প্রতিযোগিতা ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে ধাপে ধাপে আয়োজন করা হবে। এসব প্রতিযোগিতা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে শক্তিশালী জেলা দল গঠন এবং তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
আয়োজকদের আশা, ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে নওগাঁর ফুটবলে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসার সুযোগ তৈরি হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।