[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহরে হট্টগোল-ভাঙচুর, ৬১১ বস্তা সরকারি সার লুটের অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
পাবনার চাটমোহরে সরকারি সার বিতরণকে কেন্দ্র করে হট্টগোল, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে বিরোধের একপর্যায়ে উত্তেজিত লোকজন একটি টিনশেড ঘর ভাঙচুর করে সেখান থেকে সার নিয়ে যায়। এ ঘটনায় ৬১১ বস্তা সরকারি সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাব জানিয়েছে কৃষি বিভাগ। ঘটনাটি পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে সরকারি সার বিতরণ করছিলেন মেসার্স প্রদিপ কুমার পাল এর মালিক ডিলার প্রবীর কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষকদের মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘরে ভাঙচুর চালিয়ে সেখানে রাখা সার নিয়ে যায়। এতে সার বিতরণ কার্যক্রম ব্যাহত হয়।
ঘটনার পর সার বিতরণের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, ওই ঘরে মোট ১ হাজার ১৮১ বস্তা সার মজুত ছিল। এর মধ্যে ১৭০ বস্তা সার বিতরণ করা হয়েছিল। অবশিষ্ট সারের মধ্যে বর্তমানে ৪০০ বস্তা মজুত রয়েছে। বাকি ৬১১ বস্তা সার লুট হয়েছে বলে প্রাথমিক হিসাবে উঠে এসেছে।
ঘটনার বিষয়ে ডিলার প্রবীর কুমার পালের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে এ বিষয়ে কথা হয় তার চাচা সঞ্জিত পালের সঙ্গে। তিনি বলেন, ‘ঘটনার পর আমার ভাতিজা অনেকটা ভীত হয়ে পড়েছে। এ কারণে সে মুঠোফোন বন্ধ করে রেখেছে। উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা তদন্তসাপেক্ষে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।’
এদিকে ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মাইকিং করে যারা সার নিয়ে গেছেন, তাদের তা ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
এ বিষয়ে পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং রয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমাদের প্রাথমিক ধারণা, ঘটনাটি পূর্বপরিকল্পিতও হতে পারে।’
সরকারি সার বিতরণের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলাকালে এ ধরনের ভাঙচুর ও বিপুল পরিমাণ সার উধাও হওয়ার ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কীভাবে এত বিপুল পরিমাণ সার নিয়ে যাওয়া হলো এবং এর পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।