[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

চাটমোহর পৌর সদরে ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
চাটমোহর পৌরসভার উদ্যোগ ও অর্থায়নে যানজট নিরসনে পৌর সদরের থানা বাজার মোড়ে স্বেচ্ছাসেবক ট্রাফিক নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে থানা বাজার মোড়ে এই নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। নতুন নিয়োগপ্রাপ্ত ট্রাফিক স্বেচ্ছাসেবক সকাল থেকে সারাদিন দায়িত্ব পালন করবেন।
এর আগে সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে নতুন বাজার যারদিস মোড়ে একজন ট্রাফিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় পৌর সদরের অতি গুরুত্বপূর্ণ থানা বাজার আমতলা মোড়ে আরও একজনকে নিয়োগ দেওয়া হলো।
কার্যক্রমের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খালিদ হাসান এবং পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (প্রশাসন) মো. অলিউর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান আরশেদ, সাবেক আহ্বায়ক এ এম জাকারিয়া, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়ারুল হক সিন্টু, ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান বিদ্যুৎসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপি নেতৃবৃন্দ, থানা পুলিশ, সাংবাদিক ও সুধীজন।
বক্তারা জানান, যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌর সদরের ভেতরে কোনো ভারী যানবাহন মালামাল লোড-আনলোড করতে পারবে না। ভারী ট্রাক, কাভার্ড ভ্যান ও নির্মাণ সামগ্রী বহনকারী যানবাহন ওই সময়ে প্রধান সড়কে অবস্থান করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রধান সড়কে নির্মাণসামগ্রী ফেলে রাখার কারণে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে পৌর প্রশাসক ব্যবস্থা গ্রহণ করবেন।
পৌরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে এসব নিয়ম মেনে চলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে দুই ট্রাফিক স্বেচ্ছাসেবককে ছাতা, বাঁশিসহ প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।