মানিকগঞ্জের দৌলতপুরে উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই জমজমাট ম্যাচটি অনুষ্ঠিত হয়। আমতলী একতা যুব সংঘের আয়োজনে এবং লাউতারা, বৈন্যা ও বড়টিয়া গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ছোট লাউতারা ইউনাইটেড ক্লাব বনাম চরখলসী স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, ফরিদপুরের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. মো. আব্দুল হাকিম। উদ্বোধনী বক্তব্যে তিনি যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন, “মাদক যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুবসমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখবে এবং সুস্থ মানসিকতা গড়ে তুলতে সাহায্য করবে।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার তালুকদার গ্রুপ ও ট্রেজারার লায়ন্স ক্লাব, ঢাকা আরলিয়া অরবিট জেলা ৩১৫ বি-২ এর লায়ন ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, “মাদক একটি সমাজ ও জাতির সবচেয়ে বড় শত্রু। আমাদের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর পাশাপাশি মাদক থেকে দূরে রাখে। তাই গ্রামে গ্রামে এমন সুস্থ বিনোদনমূলক টুর্নামেন্টের আয়োজন বাড়াতে হবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন ৪ নং জিয়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো.আব্দুল হালিম শাওন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়নপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকমাল হোসেন। জিয়নপুর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আশরাফ আলী-এর সভাপতিত্বে এবং আমতলী ফেদু সেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও খেলা পরিচালনা কমিটির সদস্য সচিব গাজী মো. জুয়েল রানা-এর সঞ্চালনায়।
এই গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ করা যায়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় হাজারো দর্শকের সমাগম ঘটে এবং পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।