[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযানে ২৭০০ কেজি জেলি জব্দ, দুজনের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
পাবনার ভাঙ্গুড়ায় বসতবাড়িতে গড়ে তোলা ভেজাল দুধ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেলি, তেল, রাসায়নিক উপকরণ ও ভেজাল দুধ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার দায়ে মো. আবুল বাশার নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড এবং তার সহযোগী মো. সবুজকে ছয় মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে সবুজকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত আবুল বাশার কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। তাঁর সহযোগী সবুজ একই গ্রামের মো. হাবিল প্রামাণিকের ছেলে।
জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামে আবুল বাশারের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং উপজেলা প্রশাসনের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে বাড়িতে মজুত রাখা ৩৬ ড্রাম জেলি উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ২ হাজার ৭০০ কেজি। এ ছাড়া দুধ তৈরিতে ব্যবহৃত ২০০ লিটার তেল এবং ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব উপকরণ ও ভেজাল দুধ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত আবুল বাশার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বিভিন্ন উপকরণ ব্যবহার করে ভেজাল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ভেজাল দুধ তৈরির বিপুল পরিমাণ উপকরণ মজুতের সত্যতা পাওয়া যায়।
ভেজাল খাদ্য তৈরির এ চিত্র জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, দুধের মতো একটি প্রয়োজনীয় খাদ্যপণ্যে ক্ষতিকর উপকরণ মিশিয়ে বাজারজাত করা হলে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, দীর্ঘদিন ধরে আবুল বাশার ভেজাল দুধ তৈরির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৬ ড্রাম জেলি, ২০০ লিটার তেল ও ৩২০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।