পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুরে অবস্থিত ত্বাহা ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা ভিতবিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের সংসদ সদস্য মো. আবু তালেব মন্ডল। তাঁর আগমন উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), পাবনার বাস্তবায়নে ভবনটি নির্মিত হয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত দোয়া ও মতবিনিময় সভায় মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
সংসদ সদস্য আবু তালেব মন্ডল বলেন, “শিক্ষাই জাতির উন্নতির প্রধান হাতিয়ার। শিক্ষার মানোন্নয়ন, সুন্দর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মিত হলে পাঠদান আরও গতিশীল হবে এবং শ্রেণিকক্ষের সংকট কমবে। শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আমি আশা করি, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসাটি নৈতিকতা, সততা, মানবিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ গড়ে তুলবে। শিক্ষার উন্নয়ন ও এলাকার অগ্রগতিতে আমার সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির মাহফুজ এবং আটঘরিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. জহুরুল ইসলাম খান।
সভায় সভাপতিত্ব করেন ত্বাহা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মো. গোলাম ইয়াছিন। এ সময় জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা নকিবুল্লাহসহ মাদ্রাসার গভর্নিং বডির সদস্য, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদ্রাসার শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি নিয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শ্রেণিকক্ষের সংকট নিরসনে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও সুশৃঙ্খলভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। এতে মাদ্রাসার শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য, শিক্ষক-কর্মচারীদের কল্যাণ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।